Aaj India Desk, নয়াদিল্লি: তেহরানের আকাশে আপাত শান্তি থাকলেও ভেতরে পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সম্ভাব্য যুদ্ধের আবহে ইরানে (Iran) থাকা ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দেয় ভারত সরকার। বাণিজ্যিক উড়ানসহ যেকোনো উপলব্ধ পরিবহণ ব্যবস্থার মাধ্যমে জরুরি ভিত্তিতে ইরান ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
দূতাবাসের কড়া নির্দেশ
সোমবার তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী, পর্যটক সহ সকল ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সতর্ক থাকতে হবে। চলতি বছরের ১৪ জানুয়ারির পূর্ববর্তী সতর্কবার্তাও পুনরায় জারি করা হয়েছে। নাগরিকদের প্রতিবাদ ও জমায়েত এড়িয়ে চলতে, স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখতে এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, পাসপোর্ট ও অন্যান্য পরিচয়পত্র সবসময় হাতের কাছে রাখতে হবে। পাশাপাশি, ইরানে (Iran) অবস্থানরত ভারতীয়দের দূতাবাসে নাম নথিভুক্ত করার অনুরোধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে ভারতীয় নাগরিকরা নিম্নলিখিত নম্বরগুলিতে দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারেন:
+989128109115, +989128109109, +989128109102, +989932179359। ইমেল: cons.tehran@mea.gov.in
ইরানে ভারতীয়দের সংখ্যা
কেন্দ্রীয় সরকারের হিসাবে, বর্তমানে ইরানে (Iran) প্রায় ৯,০০০ থেকে ১০,০০০ ভারতীয় নাগরিক বসবাস করছেন। সংসদে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, এখনও পর্যন্ত কোনও ভারতীয় নাগরিক নিখোঁজ বা নিহত হওয়ার খবর নেই। বাণিজ্যিক উড়ান চালু থাকায়, যাঁরা দেশে ফিরতে চান তাঁদের নিয়মিত ফ্লাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
বিক্ষোভ ও আন্তর্জাতিক টানাপোড়েন
ইরানে নতুন করে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে। জানুয়ারি মাসে নিহতদের স্মরণে ৪০ দিনের অনুষ্ঠানের পর তেহরান ও মাশহাদে ছাত্রদের বিক্ষোভ শুরু হয়। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে জেনেভায় পরবর্তী দফার আলোচনা নির্ধারিত হয়। আলোচনার পাশাপাশি পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির খবরও মিলছে। এই পারিপার্শ্বিক পরিবেশ অনুযায়ী পরিস্থিতির দ্রুত পরিবর্তনের সম্ভাবনার কথা মাথায় রেখে ভারতীয় দূতাবাস এই সতর্কতা জারি করে।


