নয়াদিল্লি: সংসদে আমজনতার সমস্যার কথা তুলে ধরে দলের অন্দরেই চাপে আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। এয়ারপোর্টে সামান্য জল, শিঙাড়া কিনতে গিয়েই পকেট ফাঁকা হয়ে যায় আমজনতার। সংসদে এই সমস্যা নিয়ে প্রথম কোনও সাংসদ সরব হয়েছিলেন। যার নাম রাঘব চাড্ডা। এরপর অনলাইন ডেলিভারি অ্যাপ কর্মীদের উপর ১০ মিনিটে ডেলিভারির ‘অত্যাচার’ নিয়ে রীতিমত তোলপাড় করে দিয়েছিলেন তিনি। নিজে ইউনিফর্ম পরে বাড়ি বাড়ি ডেলিভারি দিতে গিয়েছিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)।
সাধারণ মানুষের হিতার্থে ছোট ছোট দৈনন্দিন সমস্যা গুলোর সমাধানের পথ দেখাচ্ছিলেন তিনি। কিন্তু ডানা ছেঁটে দিল তাঁরই দল। চাড্ডার ‘মুখ বন্ধ করতে’ রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে তাঁকে সরিয়ে সেই পদে অশোক মিত্তাল্কে বসিয়েছে আম আদমি পার্টি। আর সেই ক্ষোভই চাড্ডা উগড়ে দিয়েছেন সমাজমাধ্যমে। শুক্রবার সকালে এক্সে একটি ভিডিও বার্তায় রাঘব চাড্ডা বলেন, “সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা কি অন্যায়? আমাকে চুপ করানো হয়েছে। কিন্তু পরাস্ত হইনি”। আম আদমি পার্টি সাংসদের সেই ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে মুখ খুলল দল।
কি বলল আপ?
দলের জাতীয় মিডিয়া প্রধান অনুরাগ ধান্ডা রাঘবকে (Raghav Chadha) সরাসরি আক্রমণ, “গত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতে আপনি ভয় পাচ্ছেন। দেশের আসল সমস্যা তুলে ধরতে সাহস দেখাচ্ছেন না।”
সংসদে চাড্ডার আচরণের সমালোচনা করে তিনি আরও বলেন, “দলের কথা বলার জন্য সীমিত সময় বরাদ্দ থাকে এবং সেই সময়টুকু অবশ্যই গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলো উত্থাপন করার কাজে ব্যবহার করা উচিত। ওই সময়ের মধ্যে আমরা হয় দেশকে রক্ষা করার লড়াই করতে পারি, নতুবা বিমানবন্দরের ক্যান্টিনে শিঙাড়ার দাম কমানোর বিষয়ে কথা বলতে পারি”।
দলের অন্দরে চিড় স্পষ্ট
রাঘবের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন দলের জাতীয় মিডিয়া প্রধান অনুরাগ ধান্ডা। তিনি বলেন, গুজরাটে আপ কর্মীদের গ্রেফতারি নিয়ে সংসদে কোনও কথা বলেননি রাঘব চাড্ডা (Raghav Chadha)। প্রয়োজনের সময় তাঁকে নাকি দলের পাশে পাওয়া যায়নি। এই মন্তব্যে আপের ভিতরে দ্বন্দ্ব আরও ঘনীভূত হচ্ছে বলেই রাজনৈতিক মহলের ধারণা।
যদিও রাঘবের বিরুদ্ধে তাঁরই দলের এহেন আচরণে নেটিজেনদের মধ্যেও অসন্তোষ ধরা পড়েছে। অনেকেই বলছেন, রাঘব চাড্ডা (Raghav Chadha) আমাদের কথা তুলে ধরছিলেন। আমাদের দৈনন্দিন সমস্যার সমাধান করছিলেন। ওনার মুখ বন্ধ করিয়ে আম আদমি পার্টি কি প্রমাণ করতে চাইছে? রাঘব চাড্ডা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে ভয় পায় নাকি তাঁর দল আম আদমি পার্টি? নাকি সুপ্রিমোদের থেকে আম জনতার কাছে রাঘব বেশি জনপ্রিয় হয়ে উঠছিলেন বলে তাঁকে দমিয়ে দেওয়া হল?


