Aaj India Desk, কলকাতা: বৃহস্পতিবার ফের কলকাতায় পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিনই বিধানসভার বিরোধী দলনেতা তথা ভবানীপুরে বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) নিজের মনোনয়ন জমা দেন। তবে সেই মনোনয়নকে ঘিরে হওয়া রোড শো-ই পরিণত হয় চরম উত্তেজনায়।
দক্ষিণ কলকাতার কালীঘাট, হাজরা-সহ একাধিক এলাকায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তাজুড়ে দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় স্লোগান যুদ্ধ। অমিত শাহের রোড শো চলাকালীন তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হয়, যা একাধিক জায়গায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। গোটা ঘটনায় তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।
এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই একাধিক এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারের ঘটনায় মোট তিনটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে দুটি হয়েছে আলিপুর থানায়। একটি নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে, যেখানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলা রুজু হয়েছে। অন্যটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। পাশাপাশি কালীঘাট থানায় আরও একটি এফআইআর দায়ের হয়েছে, সেটিও পুলিশের পক্ষ থেকেই।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তৃণমূল ও বিজেপি -দুই পক্ষ থেকেই আলিপুর ও কালীঘাট থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ মিললে আরও এফআইআর দায়ের হতে পারে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে। তৃণমূল মুখপাত্র ঋজু দত্ত নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়ে অভিযোগ করেছেন, “অপদার্থ নির্বাচন কমিশন আগে মানুষের নাম বাদ দিচ্ছে, তারপর বিজেপির কথায় বাইরে থেকে ভোটার ঢোকাচ্ছে। আইনশৃঙ্খলার ক্ষেত্রে অফিসার বদল করছে। আর মানুষ প্রতিবাদ করলেই তৃণমূলের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে।”
অন্যদিকে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার পাল্টা দাবি করেছেন, “মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই। এখন মানুষ বিজেপির পাশে রয়েছে। ৪ মে দিদি যাচ্ছেন”।


