Aaj India Desk,কলকাতা: গভীর শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংহ (Rinku Singh) এর পরিবারে। তাঁর পিতা খাঞ্চনদ সিংহ ৪-স্টেজ ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি মারণ রোগের সঙ্গে লড়াই করছিলেন।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই তাঁর শারীরিক অবস্থা অবনতি হচ্ছিল। চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি ছিলেন খাঞ্চনদ সিংহ। ব্রেন টিউমার ধরা পড়ার পর থেকেই নিয়মিত চিকিৎসা চলছিল। তবে শেষপর্যন্ত সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬০ বছরের কাছাকাছি বলে জানা গেছে।
পিতার অসুস্থতার খবর আগেই পেয়েছিলেন রিঙ্কু (Rinku Singh) । মৃত্যুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি চলতি সূচি থেকে নিজেকে সরিয়ে দ্রুত দেশে ফেরেন। পরিবারের পাশে থাকতে সব ধরনের ক্রিকেটীয় ব্যস্ততা আপাতত স্থগিত রেখেছেন তিনি। আলিগড়ে (উত্তরপ্রদেশ) তাঁর বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে খবর।
সাধারণ পরিবার থেকে উঠে আসা রিঙ্কুর (Rinku Singh) সাফল্যের পেছনে তাঁর পিতার অবদান ছিল অপরিসীম। খাঞ্চনদ সিংহ পেশায় গ্যাস সিলিন্ডার সরবরাহের কাজ করতেন এবং সীমিত আয়ের মধ্যেও ছেলের ক্রিকেট স্বপ্ন পূরণে সর্বতোভাবে পাশে দাঁড়িয়েছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে বাবার ত্যাগ ও সংগ্রামের কথা একাধিকবার বলেছেন রিঙ্কু ।
ক্রিকেট মহলে ইতিমধ্যেই শোকের বার্তা আসতে শুরু করেছে। সতীর্থ ও অনুরাগীরা সামাজিক মাধ্যমে সমবেদনা জানিয়েছেন। হরভজন সিং বলেন, ‘রিঙ্কু সিংয়ের বাবার মৃত্যুর খবরে গভীর ভাবে কষ্ট পেলাম। রিঙ্কু এবং তাঁর পরিবারের জন্য কঠিন সময়। ও বিশ্বকাপের প্রতি নিজের দায়বদ্ধতায় অটুট ছিল। তাঁর পরিবার পরিজনের প্রতি সমবেদনা।’কঠিন এই সময়ে রিঙ্কু ও তাঁর পরিবারের প্রতি সমর্থন ও সহমর্মিতা জানাচ্ছে গোটা ক্রিকেট বিশ্ব।


