নয়াদিল্লি: গতকাল হরমুজ (Hormuz) ব্যবহারে ভারতকে ছাড়পত্র দেওয়ার দাবী খারিজ করেছিল ইরান। তবে এবার সম্ভবত ভারতের জন্য সত্যিই খুলতে চলেছে হরমুজ (Hormuz) প্রণালী। শুক্রবার ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালি দিলেন বড় ইঙ্গিত। জানা গিয়েছে, সাংবাদিকদের ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইঙ্গিত দিয়েছেন, ভারতকে হরমুজ প্রণালী ব্যবহারের ছাড়পত্রে খুব শীঘ্রই সিলমোহর দিতে পারে ইরান। হরমুজ প্রণালী দিয়ে ভারত নিরাপদ চলাচলের সুযোগ পাবে কি না? এই প্রশ্নের জবাবে ফাথালি বলেন, “হ্যাঁ, কারণ ভারত আমাদের বন্ধু। আপনারা আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই তা দেখতে পাবেন।”
নয়াদিল্লি-তেহেরান বৃহত্তর সম্পর্কের কথা বলেন রাষ্ট্রদূত
জানা গিয়েছে, এদিন ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, নয়াদিল্লি ও তেহরানের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তির উপর দাঁড়িয়ে। তাঁর কথায়, দুই দেশের মধ্যে এই ঘনিষ্ঠ সম্পর্কই ভবিষ্যতেও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করবে। জ্বালানি সংকটের মাঝে ইরানের রাষ্ট্রদূতের এই আশ্বাস আশার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
উল্লেখ্য, সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাছির সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের ফোনালাপ হয়েছে বলে জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কেন্দ্র সরকারের তরফে জ্বালানি সংকটের দাবী খারিজ করে কালোবাজারির প্রতি নজরদারির কথা বললেও দেশে যে জ্বালানি সংকট বর্তমান বাস্তব, এমনটাই দাবী রাজ্যের শাসকদল থেকে শুরু করে আমজনতার। এই আবহে হরমুজ (Hormuz) ব্যবহারের অনুমতি মিললে জ্বালানি এলপিজি আমদানি স্বাভাবিক হবে, বলে জানাচ্ছেন বিশ্লেষকরা।


