29 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

তৃতীয়বারও ‘না’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র, উত্তরবঙ্গ সফরের রেশ এখনো কাটেনি 

Aaj India, কলকাতা: ফের তৃণমূলের আবেদন খারিজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র তরফে একই বার্তা তৃতীয়বার। আনুষ্ঠানিকভাবে ‘সময়ের অভাব’ -এর কারণ দেখানো হলেও, রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন।উত্তরবঙ্গ সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কের রেশ এখনও কাটেনি বলেই কি এই দূরত্ব?

রাইসিনা হিল সূত্রে জানানো হয়েছে, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে এই মুহূর্তে দেখা করা সম্ভব নয় রাষ্ট্রপতির পক্ষে। কিন্তু এই ‘সময়ের অভাব’ যুক্তি ঘিরেই উঠছে একের পর এক প্রশ্ন। কারণ, গত ৭ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু’দিনের উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়ির গোঁসাইপুরে আন্তর্জাতিক আদিবাসী কনফারেন্সে যোগ দিয়েছিলেন। সেই সফর ঘিরেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার কোনও সদস্যের অনুপস্থিতি নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি। পাশাপাশি বাংলায় আদিবাসী সমাজের উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এই মন্তব্যকে ঘিরেই তীব্র প্রতিক্রিয়া জানায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির বক্তব্যের বিরুদ্ধে সরব হয়ে জানান, তাঁর সরকার আদিবাসীদের উন্নয়নে কী কী পদক্ষেপ করেছে, তা সরাসরি রাষ্ট্রপতিকে জানানো প্রয়োজন। সেই কারণেই তৃণমূলের একটি প্রতিনিধি দলকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার নির্দেশ দেওয়া হয়।

এরপরই শুরু হয় আবেদন-পাল্টা আবেদন পর্ব। ৯ মার্চ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে প্রথম আবেদন জানায় তৃণমূল। কিন্তু ১১ মার্চ রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয় – ‘সময়ের অভাব’ -এর কারণে এখনই দেখা করা সম্ভব নয়। ওইদিনই আবার নতুন করে চিঠি পাঠানো হয়। ১৬ থেকে ২০ মার্চের মধ্যে সাক্ষাতের সময় চাওয়া হয়। কিন্তু ২২ মার্চ ফের একই বার্তা – রাষ্ট্রপতির সময় নেই।

এরপর ২৩ মার্চ আবারও চিঠি পাঠায় তৃণমূল। ২৪ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে যেকোনও দিন সাক্ষাতের জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু এবারও রাইসিনা হিল থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল – সময়ের অভাবে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে পারবেন না রাষ্ট্রপতি।

একই কারণ দেখিয়ে টানা তিনবার আবেদন খারিজ হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে – এটা কি শুধুই সময়ের সংকট, নাকি উত্তরবঙ্গ সফরে এসে যে অসন্তোষ ও অস্বস্তির ছবি সামনে এসেছিল, তারই প্রভাব এখনও কাটেনি? রাজনৈতিক মহলের একাংশের মতে, সফরের সময়কার সেই ‘অসন্তুষ্টি’ ই এখনো প্রভাব ফেলছে রাষ্ট্রপতির সিদ্ধান্তে, আর তার জেরেই বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের আবেদন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন