স্নেহা পাল, আহমেদাবাদ: গতবছরের এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান দুর্ঘটনার তদন্ত এখনো চলছে। তার মধ্যেই কয়েকদিন আগে ইতালির এক দৈনিক সংবাদপত্র Corriere della Sera দাবি করে, চূড়ান্ত রিপোর্টে ভারতীয় তদন্তকারীরা নাকি এটিকে পাইলটের ‘ইচ্ছাকৃত কাজ’ বলে উল্লেখ করতে পারেন।
প্রতিবেদনে বলা হয়, ককপিট ভয়েস রেকর্ডারের বিশ্লেষণে নাকি নির্দিষ্ট পাইলটকে শনাক্ত করা হয়েছে। সেখানে বিমানের কমান্ডার Sumeet Sabharwal এর নামও উঠে আসে, যিনি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
তবে এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান দুর্ঘটনা নিয়ে পাইলটের ‘ইচ্ছাকৃত কাজ’ সংক্রান্ত জল্পনা স্পষ্টভাবে খারিজ করে Aircraft Accident Investigation Bureau (AAIB)। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানায়, তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি এবং চূড়ান্ত রিপোর্ট তৈরি হয়নি। ফলে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর প্রশ্নই নেই।
AAIB জানিয়েছে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) নিয়ম মেনে পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার পরেই চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে। সেই রিপোর্টে দুর্ঘটনার কারণের পাশাপাশি ভবিষ্যতে নিরাপত্তা সংক্রান্ত সুপারিশও থাকবে।
উল্লেখ্য, ওই দুর্ঘটনার এক মাস পর প্রকাশিত ১৫ পাতার প্রাথমিক রিপোর্টে AAIB জানায়, দুই ইঞ্জিনের ফুয়েল কাট-অফ সুইচ প্রায় একই সময়ে ‘RUN’ থেকে ‘CUTOFF’ অবস্থায় চলে যায়। ককপিট ভয়েস রেকর্ডারে এক পাইলটকে অন্যজনকে জিজ্ঞাসা করতে শোনা যায়, “তুমি কেন বন্ধ করলে?” জবাবে অপর পাইলট বলেন, “আমি করিনি।” তবে কেন বা কীভাবে একই সঙ্গে দুই ইঞ্জিন বন্ধ হয়ে গেল, তার স্পষ্ট কারণ ওই রিপোর্টে উল্লেখ করা হয়নি।


