পৌলমী ব্যানার্জী, মহারাষ্ট্রে: একের পর এক বলিউড (Bollywood) তারকার কাছে হুমকিবার্তার ঘটনার মধ্যেই এবার সরাসরি চিঠি পাঠানো হল মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে (Devendra Fadnavis)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। চিঠিটি পাওয়ার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর দফতরে (Devendra Fadnavis) একটি অজ্ঞাতপরিচয় চিঠি আসে, যেখানে হুমকির ভাষা ব্যবহার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই চিঠিটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং কে বা কারা এর পিছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে বেশ কয়েকজন বলিউড (Bollywood) অভিনেতা ও প্রযোজকও হুমকির শিকার হন। কিছু ক্ষেত্রে মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে অভিযোগ। ফলে গোটা ঘটনাকে আলাদা করে নয়, বরং সাম্প্রতিক ধারাবাহিক হুমকির ঘটনার সঙ্গে মিলিয়ে তদন্ত করছে মুম্বই পুলিশ।
মুম্বই সহ সংবেদনশীল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবন এবং দফতরে নজরদারি আরও কড়া করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তদন্তে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে পুলিশ সূত্রে দাবি, কিছু গুরুত্বপূর্ণ সূত্র হাতে এসেছে এবং শীঘ্রই দোষীদের চিহ্নিত করা সম্ভব হবে।
ঘটনায় রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেও সরকার আশ্বস্ত করেছে যে নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি নেই। তদন্ত চলছে।


