লখনউ: শৃঙ্গার হোক বা অলঙ্কার, অধিকাংশ নারীরই অন্যতম শখ নিজেকে সাজানো। কিন্তু সেই নারী যদি হিজাবি (Hijab) হন, তাহলে পরা যাবে না গয়না (Jewellery)! এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশে। শনিবার উত্তর প্রদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বারাণসী ইউনিট বোরখা, হিজাব বা মুখ ঢাকা পোশাক পরিহিত মহিলাদের গয়না বিক্রি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। যার জেরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
চুরি, জালিয়াতির অভিযোগে এই সিদ্ধান্ত
জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বারাণসী ইউনিটের জেলা সভাপতি কমল সিং জানিয়েছেন, রাজ্যের বেশ কিছু জায়গায় মুখ ঢাকা অবস্থায় গ্রাহকরা এসে চুরি, ডাকাতি, জালিয়াতির মত ঘটনা ঘটিয়েছেন। কিন্তু তাঁদের শনাক্ত করা সম্ভব হয়নি। এই কারণে দোকানে বোরখা, হিজাব (Hijab), মুখোশ, বা হেলমেট পরে কোনও ক্রেতা এলে তাঁদের প্রবেশ করতে দেওয়া হবে না।
এই নিরিখে দোকানের বাইরে ঝোলানো হয়েছে বোর্ডও। কমল সিং আরও বলেন, যদি কোনও মহিলা বোরখা বা হিজাব পরে দোকানে আসেন তাহলে তাঁদের মুখ খোলা রাখতে হবে। বারাণসীর পাশাপাশি উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় এই নিরিখে গয়নার দোকানের বাইরে পোস্টার লাগানো হয়েছে।


