দেহরাদুন: ২০২৭-এ হরিদ্বারে হতে চলেছে অর্ধ কুম্ভ (Ardh Kumbh Mela)। তার আগে বিস্ফোরক দাবী করে বিতর্ক উস্কে দিলেন বিশ্ব হিন্দু পরিষদের (VHP) নেত্রী সাধ্বী প্রাচী। ২০২৭-এর ১৪ জানুয়ারি থেকে মকর সংক্রান্তির দিন শুরু হবে অর্ধ কুম্ভ মেলা। ৪৫ দিন ব্যাপী এই মেলা শেষ হবে মহা শিবরাত্রিতে। এই উপলক্ষে প্রায় ৬-৭ কোটি মানুষের আগমন হতে পারে বলে মনে করছে উত্তরাখণ্ড প্রশাসন।
তবে এই অর্ধ কুম্বে হরিদ্বারের ঘাটগুলিতে যেন কোনও অহিন্দুকে নামতে দেওয়া না হয়, তার দাবী জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের (VHP) নেত্রী সাধ্বী প্রাচী। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাধ্বী প্রাচী বলেন, কুম্ভ (Ardh Kumbh Mela) মেলার এলাকা এবং হর-কি-পৌরিকে একটি ‘অমৃত ক্ষেত্র’ হিসেবে ঘোষণা করা উচিত এবং সেখানে অ-হিন্দুদের প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।
তাঁর দাবী, পবিত্র স্থানগুলিতে ‘জিহাদি কার্যকলাপ’ ঘটেছে। তাই অর্ধ কুম্ভের মত বড় মাপের ধর্মীয় সমাবেশে বিপদের আশঙ্কা হতে পারে। তিনি আরও বলেন, “আমি সম্প্রতি জানতে পেরেছি যে দিল্লির কিছু মহিলা সম্প্রতি হরিদ্বারে এসে বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে পবিত্র স্নান করেছেন। এই ধরনের কার্যকলাপ বন্ধ করা উচিত।”
কুম্ভ মেলা এলাকায় ‘জিহাদি উপাদানদের’ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য উত্তরাখণ্ড সরকারের কাছে তিনি দাবী জানান। মক্কা ও মদিনার মতো স্থানে অ-মুসলিমদের উপর আরোপিত নিষেধাজ্ঞার সঙ্গে তুলনা টেনে সাধ্বী প্রাচী বলেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান যাতে কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয়, তা নিশ্চিত করার জন্য হরিদ্বারের ক্ষেত্রেও একই ধরনের নিয়ম প্রয়োগ করা উচিত।


