কলকাতা: আগামীকাল থেকে হাওড়া-কামাখ্যা রুটে ভারতের প্রথম বন্দে ভারত (Vande Bharat) স্লিপার ট্রেনের যাত্রী পরিষেবা চালু করবে ভারতীয় রেল। ১৯ জানুয়ারি সকাল ৮টা থেকে এই ট্রেনের বুকিং চালু হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে যে কিছু ঘণ্টার মধ্যেই এই ট্রেনের প্রায় সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছে।
আগামী ২২ ও ২৩ জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে এই নতুন সেমি-হাইস্পিড স্লিপার ট্রেন। এর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকবে উত্তর-পূর্ব সীমান্ত রেল (NFR) জোন।
এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৭ জানুয়ারি মালদা টাউন স্টেশন থেকে। ভারতীয় রেল জানিয়েছে, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত (Vande Bharat) স্লিপার এক্সপ্রেস (ট্রেন নম্বর ২৭৫৭৫) বাণিজ্যিক পরিষেবা শুরু করবে ২৩ জানুয়ারি ২০২৬ থেকে। এর আগে, কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (ট্রেন নম্বর ২৭৫৭৬) চলাচল শুরু করবে ২২ জানুয়ারি ২০২৬ থেকে।
হাওড়া থেকে ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং পরদিন সকাল ৮টা ২০ মিনিটে পৌঁছবে কামাখ্যায়।
ফেরার পথে কামাখ্যা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং পরদিন সকাল ৮টা ১৫ মিনিটে পৌঁছবে হাওড়ায়। পুরো যাত্রার সময় প্রায় ১৪ ঘণ্টা।
এই বন্দে ভারত (Vande Bharat) স্লিপার ট্রেনে তিনটি শ্রেণি থাকবে , ৩এসি: প্রায় ২,৩০০ টাকা, ২এসি: প্রায় ৩,০০০ টাকা এবং ১এসি: প্রায় ৩,৬০০ টাকা (একদিকে যাত্রার জন্য আনুমানিক ভাড়া)।
রেল সূত্রে জানানো হয়েছে, দীর্ঘ দূরত্বের রাতের যাত্রায় যাত্রীদের আরামের জন্যই এই স্লিপার বন্দে ভারত ট্রেন তৈরি করা হয়েছে।


