Aaj India Desk, নয়া দিল্লি: দীর্ঘ টানাপোড়েনের পর দিল্লি-ঢাকা সম্পর্কে আবার স্বাভাবিকতার ইঙ্গিত মিলছে। বাংলাদেশে শিগগিরই সব ধরনের ভারতীয় ভিসা (Visa) পরিষেবা পুরোপুরি চালু হতে চলেছে।
সিলেটের ভারতীয় কনস্যুলার আধিকারিক অনিরুদ্ধ দাস জানিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ। তাঁর বক্তব্য, বর্তমানে চিকিৎসা ও ডাবল এন্ট্রি ভিসা (Visa) দেওয়া হচ্ছে। শিগগিরই ভ্রমণসহ অন্যান্য ক্যাটাগরির ভিসাও শুরু হবে। তিনি আরও জানান, “ভারত-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে।”
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর দিল্লির সাথে ঢাকার সম্পর্কের ক্রমশ অবনতি ঘটে। ওই সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পরবর্তী অন্তর্বর্তী প্রশাসনে মুহাম্মদ ইউনূস নেতৃত্বে সম্পর্ক আরও চাপের মুখে পড়ে বলে কূটনৈতিক সূত্রের দাবি।
নিরাপত্তাজনিত কারণে ২০২৪ সালের ৮ আগস্ট প্রথম দফায় বাংলাদেশ জুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলির কাজ স্থগিত হয়। পরে আংশিকভাবে পরিষেবা চালু হলেও তা সীমিত ছিল। ২০২৫ সালের নভেম্বরে বিক্ষোভের জেরে দ্বিতীয় দফায় ঢাকাসহ একাধিক কেন্দ্রে পরিষেবা বন্ধ হয়।
১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দেন। অনিরুদ্ধ দাস বলেন, “দুই দেশের সাধারণ মানুষও এই স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি সম্পর্ক চায়।” দীর্ঘ অচলাবস্থার পর ভিসা (Visa) পরিষেবা পুরোপুরি চালু হলে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন গতি পাবে এমনটাই আশা কূটনৈতিক মহলের।


