Aaj India Desk, নয়াদিল্লি: এক মাস পেরিয়ে যাওয়ার পরও পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ফের উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ, বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে, যেখানে মূলত পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবেন তিনি।
ইরানকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির আবহেই আজকের এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) এবং বিদেশমন্ত্রী এস জয়শংকর (S. Jaishankar)। এছাড়াও কৃষি, বাণিজ্য, রেল, বন্দর, পেট্রোলিয়াম, শক্তি এবং অসামরিক বিমান পরিবহন দপ্তরের একাধিক মন্ত্রী এই বৈঠকে যোগ দেবেন।
উল্লেখ্য, গত ২২ মার্চও নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই বৈঠকে দেশের নাগরিকদের জন্য অত্যাবশ্যকীয় পণ্য মজুত ও সরবরাহ ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষ করে কৃষি সারের মজুত পরিস্থিতি খতিয়ে দেখে বিকল্প ব্যবস্থার পরিকল্পনা রাখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি, চলমান যুদ্ধ পরিস্থিতিতে সব মন্ত্রীকে একযোগে সমন্বয় রেখে কাজ করার বার্তাও দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর আগে, পাঁচটি ভোটমুখী রাজ্য বাদ দিয়ে দেশের বাকি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে তিনি সকলকে যুদ্ধ পরিস্থিতির মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, দেশের সর্বত্র প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার নির্দেশও দেন।


