নয়াদিল্লি: গতকাল হাইকোর্টের পর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বড়সড় ধাক্কা খেল রাজ্য। আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আবেদন খতিয়ে দেখে রাজ্য পুলিশের FIR স্থগিত রাখার নির্দেশ দেয় এবং ৮ জানুয়ারির I-PAC অফিসে রেইডের সময় তোলা CCTV ফুটেজ সংরক্ষণ করতে বলেছে। এই পদক্ষেপ ED‑এর পক্ষে বলেই গণ্য হচ্ছে এবং মমতার রাজনৈতিক চাপে নতুন মাত্রা যোগ করল বলে মনে করা হচ্ছে।
শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি অভিযানে ‘কথিত বাধার’ অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যের কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইডি-র দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ।
আগামী ৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি
রাজ্য পুলিশের তরফের আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘবি বেঞ্চকে স্থগিতাদের না দেওয়ার অনুরোধ করেন। আগামী ৩ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ধার্য করে সর্বোচ্চ আদালত। সিঙ্ঘবির অনুরোধে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, “অন্য কোর্ট ১০ মিনিট শুনেই নির্দেশ দিয়ে দেয়। আমরা সেখানে আপনাদের কথা শুনেছি”।
পাল্টা হলফনামার জন্য ৩ দিন সময়
ইডি-র অভিযোগের জবাবে পাল্টা হলফনামা দাখিল করার জন্য তিন দিন সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। আইপ্যাকের কার্যালয়ে তল্লাশির সময় রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের আইনসম্মত তদন্তে হস্তক্ষেপ করার অভিযোগ জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
ইডি-র অভিযানের সাথে সম্পর্কিত আবেদনের শুনানির সময় কলকাতা হাইকোর্টে যে বিশৃঙ্খলা ঘটেছিল, সে বিষয়েও সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। আই-প্যাকের সাথে সম্পর্কিত কার্যালয়ে সংস্থাটির তল্লাশি ও বাজেয়াপ্ত অভিযানের ফলে উদ্ভূত মামলার শুনানির সময় আদালতের ভেতরে অনিয়ন্ত্রিত বিশৃঙ্খলার কারণ দেখিয়ে হাইকোর্ট মামলাটি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতবি করতে বাধ্য হয়েছিল।


