তিরুঅনন্তপূরম: ভোটের আগে কেন্দ্র সরকারের বড় সিদ্ধান্ত! বদলে ফেলা হবে ভোটমুখী রাজ্যের নাম! মঙ্গলবার মন্ত্রীসভায় (Cabinet) অনুমোদিত হতে পারে সেই প্রস্তাব। উল্লেখযোগ্যভাবে, প্রধানমন্ত্রী নতুন কার্যালয় সেবা তীর্থে এই অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। যা কিনা, মন্ত্রীপরিষদ সচিবালয়ে প্রথম মন্ত্রীসভার বৈঠক। শুধু তাই নয়, ভোটের আগে ভাষার অস্মিতায় শাণ দিতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র, বলে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। কিন্তু কোন রাজ্যের নাম বদলাচ্ছে?
নাম বদলাচ্ছে কোন রাজ্যের?
প্রসঙ্গত, ২০২৬-এ মত ছয় রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এর মধ্যে কোন রাজ্যের নাম পরিবর্তনে তোড়জোড়? বস্তুত, আগামী মে মাসের মধ্যেই কেরলে (Kerala) বিধানসভা নির্বাচনের সম্ভাবনা। তার আগে মঙ্গলবারই হয়ত নাম পরিবর্তন নিয়ে আলোচনায় বসবে কেন্দ্রীয় ক্যাবিনেট, বলে জানা গিয়েছে।
কেরলের (Kerala) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) সংবিধানের ৩ নং অনুচ্ছেদের অধীনে রাজ্যের নাম পরিবর্তন করে প্রথম তফসিলে ‘কেরলম’ অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “‘কেরলম’ নামটি মূলত মালায়ালাম ভাষায় ব্যবহৃত হয় এবং জাতীয় স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই মালায়ালামভাষী সম্প্রদায়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দাবি।”
বিজয়ন (Pinarayi Vijayan) আরও বলেন, “সংবিধানের প্রথম তফসিলে আমাদের রাজ্যের নাম কেরল হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা এই বিধানসভা কেন্দ্রের কাছে অনুরোধ করছি, সংবিধানের ৩ নং অনুচ্ছেদের অধীনে নামটি ‘কেরলম’ হিসেবে সংশোধন করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। পাশাপাশি সংবিধানের অষ্টম তফসিলে উল্লিখিত সমস্ত ভাষায়ও এর নাম ‘কেরলাম’ হিসেবে মান্য করার ব্যবস্থা করা হোক।”
মালয়ালম অস্মিতায় শাণ?
অন্যদিকে, নির্বাচনের ঠিক আগে বিজয়নের আর্জিকে মান্যতা দিয়ে কেন্দ্র কি মালয়ালম অস্মিতায় শাণ দিতে চাইছে? বিশেষজ্ঞ মহলে এমনটাই প্রশ্ন উঠছে। এই অস্ত্র কাজে লাগিয়ে বিজেপি প্রচারে নামতে পারে বলেও মনে করা হচ্ছে।


