স্নেহা পাল, লখনউ : যোগী রাজ্যে ফের ‘হিন্দুত্ববাদী সংগঠনের’ (Hindutvabadi sangathan) বিরুদ্ধে প্রেমিক যুগলকে হেনস্থার অভিযোগ! শনিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের একটি পিৎজা ক্যাফেতে (pizza cafe) এক যুবক ও যুবতীকে হেনস্তা করা হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে বাড়ির দ্বিতল থেকে ঝাঁপ দেন দু’জনেই।
পরিচয় ও জাত নিয়ে প্রশ্ন
ঘটনাটি ঘটে শাহজাহানপুরের (Shahjahanpur) কান্ট থানা এলাকার বেরিলি মোড়ের (Bareilly Morh) কাছে একটি বাড়ির দ্বিতীয় তলায় অবস্থিত এই ক্যাফেতে।
২১ বছরের যুবক ও ১৯ বছরের যুবতী সেখানে বসে খাবারের অপেক্ষা করছিলেন। সেই সময় কয়েকজন ব্যক্তি সেখানে ঢুকে নিজেদের একটি হিন্দুত্ববাদী সংগঠনের (Hindutvabadi sangathan) সদস্য হিসেবে দাবি করেন। এরপর তাঁরা যুবক ও যুবতীর পরিচয় ও জাত জানতে চান। তাঁরা দু’জনেই নিজেদের হিন্দু বলে পরিচয় দেন। এরপর তাঁদের ভিডিও করে উত্যক্ত করতে শুরু করেন সেই হিন্দুত্ববাদী সংগঠনের (Hindutvabadi sangathan) ব্যক্তিরা। পরিস্থিতিতে ভয় পেয়ে যান ওই যুবক-যুবতী।
গুরুতর আহত যুবক যুবতী
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে আতঙ্কের মধ্যেই যুবকটি জানালার গ্রিল খুলে দ্বিতীয় তলা থেকে নিচে ঝাঁপ দেন। কিছুক্ষণ পর যুবতীও ঝাঁপ দেন। দু’জনেই গুরুতরভাবে আহত হন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
শাহজাহানপুরের পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী (Rajesh Dwivedi) বলেছেন, তাঁরা ঘটনার তদন্ত করছেন তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর হেনস্তার অভিযোগ ঘিরে এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।


