Aaj India Desk, নয়া দিল্লি: সোমবার দুপুরে দিল্লি বিধানসভা (Delhi Assembly) চত্বরে ঘটে গেলো নজিরবিহীন ঘটনা। বিধানসভার প্রধান গেটের লোহার ব্যারিকেড ভেঙেই ভিতরে প্রবেশ করে এক ‘বিশেষ অতিথি’। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার প্রায় দুপুর ২টো নাগাদ একটি সাদা টাটা সিয়েরা গাড়ি দিল্লি বিধানসভার (Delhi Assembly) ভিআইপি প্রবেশদ্বার ‘গেট ২’ দিয়ে জোর করে ঢুকে পড়ে। গাড়িটি লোহার গেট এবং বুম ব্যারিয়ারে ধাক্কা মারে। চত্বরে ঢোকার পর গাড়ি থেকে এক মুখোশধারী ব্যক্তি নেমে স্পিকার বিজেন্দর গুপ্তর গাড়ির কাছে একটি ফুলের তোড়া রেখে যায়। এরপর দ্রুত গাড়িতে উঠে এলাকা ছেড়ে চলে যায় সে।
কে এই অতিথি ?
পুলিশ জানিয়েছে, গাড়িটির নম্বর উত্তরপ্রদেশের। রেজিস্ট্রেশন অনুযায়ী গাড়ির মালিক সরবজিত সিং নামে এক ব্যক্তি। তবে ঘটনার সময় তিনিই গাড়ি চালাচ্ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
কেনো এই ঘটনা ?
স্পিকার বিজেন্দর গুপ্তর গাড়ির কাছে ফুলের তোড়া রেখে যাওয়ার ঘটনাটি তদন্তকারীদের কাছেও ধোঁয়াশা তৈরি করেছে। এটি নিছক অদ্ভুত আচরণ, নাকি কোনও প্রতীকী বার্তা তা নিয়ে চলছে জল্পনা। নিরাপত্তা ভেঙে ভিতরে ঢুকে এমন কাজ করার পেছনে উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি পরিকল্পিতভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা হতে পারে, তবে এর সঙ্গে অন্য কোনও বার্তা বা সতর্কতা জড়িত কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে ক্রাইম ব্রাঞ্চ
ঘটনার পরপরই দিল্লি পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ এবং বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এখন পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং গাড়ি ও চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনায় বিধানসভা চত্বরে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
তবে ঘটনায় প্রশ্ন তুলতে শুরু করেছেন দেশের নাগরিক। বিধানসভার (Delhi Assembly) মতো সুরক্ষিত এলাকায় যদি এভাবে অনায়াসে গাড়ি ঢুকে পড়ে, গেট ভেঙে ঘুরে বেড়ায় আর নির্বিঘ্নে বেরিয়েও যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। যেখানে নীতিনির্ধারকদের ঘরই এমন অরক্ষিত, সেখানে রাস্তায় চলা মানুষের ভরসা কতটা মজবুত, এই ঘটনাই তার নীরব ইঙ্গিত দিয়ে গেল।


