স্নেহা পাল, লখনউ: ভারতে ক্রমশ কোরিয়ান সংস্কৃতির প্রতি কিশোরদের আকর্ষণ বাড়ছে। এবার K-pop গান, Korean ড্রামা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৈরি হওয়া এই আগ্রহকে কেন্দ্র করে মৃত্যু ঘটে গাজিয়াবাদের তিন কিশোরীর।
বুধবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) গাজিয়াবাদের টিলা মোড় থানার অন্তর্গত ভারত সিটি হাউসিং সোসাইটিতে বুধবার ভোরে তিন বোনের মৃত্যু হয়। সোসাইটির বাসিন্দারা হঠাৎ বিকট শব্দ ও এক কিশোরীর চিৎকার শুনে ঘটনাটি টের পান। পরে তিন কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা জানান, তিনি পাশের টাওয়ার থেকে খোলা জানালা দিয়ে তিনজনকে পড়ে যেতে দেখেন।
পুলিশ সূত্রে জানা যায়,ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা নোট ও কয়েক পৃষ্ঠা লেখা উদ্ধার হয়। ঘরের আয়নায় সাঁটা একটি নোটে বাবার কাছে ক্ষমাপ্রার্থনা করেছিল তারা। পাশাপাশি আট পৃষ্ঠা লেখা উদ্ধার হয়েছে, যেখানে ‘Korean সংস্কৃতি’ উল্লেখ আছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, কিশোরীরা প্রায় এক বছর ধরে স্কুলে যাওয়া বন্ধ করেছিল এবং মোবাইল ফোনে বেশি সময় কাটাত। সম্প্রতি মোবাইল ব্যবহারে বিধিনিষেধ আরোপ করায় পরিবারে অস্বস্তিও তৈরি হয়েছিল।
তদন্তকারীদের মতে, অনলাইন মাধ্যমে পরিচিতির পর ধাপে ধাপে ‘চ্যালেঞ্জ’ দেওয়া ‘Korean Love Game’ খেলায় কিশোরীরা জড়িয়ে পড়েছিল। এর নিশ্চিত প্রমাণ এখনও মেলেনি। পুলিশ জানিয়েছে, কোন অ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে উঠে এসেছে, মৃত কিশোরীরা নিজেদের কোরিয়ান নামে ডাকতে শুরু করেছিল এবং পরিবারকে জানিয়েছিল যে কোরিয়া তাদের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। ফলে গাজিয়াবাদের তিন কিশোরীর মৃত্যুর ঘটনায় এই অনলাইন প্রভাবের সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


