নয়াদিল্লি: ২০০৩-এ এসেছিল রাজকুমার হিরানির ছবি মুন্নাভাই M.B.B.S! সেই ছবির অন্যতম জনপ্রিয় চরিত্র সার্কিটের সঙ্গে এক চিনা ভদ্রলোকের বার্তালাপ মজার ছলে পরিবেশন করলেও তার মধ্যে দিয়ে বড় বার্তা দিয়েছিলেন পরিচালক হিরানি। ছবির একটা দৃশ্যে দেখা যায়, মুম্বইয়ের ধোবি ঘাটের ছবি তুলছেন ওই চিনা ভদ্রলোক। আর সার্কিটকে সে জিজ্ঞেস করছে, “দরিদ্র, অভুক্ত মানুষ কোথায় পাওয়া যাবে? আমি তাদের ছবি তুলছে চাই”! সার্কিট তখন তাঁকে বলে, “আপনারা অন্য দেশ থেকে এসে কেবল গরীব, অভুক্ত মানুষ কেন খোঁজেন? তাজমহল দেখতে চান না?”
এখন সালটা ২০২৬। বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারতের স্থান ১২৩ টি দেশের মধ্যে ১০২ তে! যা স্বাভাবিকভাবেই উদ্বেগের। মহাকাশ যাত্রা, বুলেট ট্রেন, উন্নত প্রযুক্তি সত্ত্বেও ভারতের এখনও ১৬% মানুষ অপুষ্টির শিকার। তবে, কোনও নামজাদা অনলাইন ফুড ডেলিভারি সংস্থার স্বেচ্ছাসেবী উদ্যোগের নামে বিশ্বের অন্যতম বিখ্যাত শিল্পী শাকিরার কনসার্টের নাম রাখা কতটা যুক্তিযুক্ত? ২০২৬-এ শাকিরার ইন্ডিয়া ট্যুরের জন্য অপেক্ষা করছিলেন অনেকেই। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে শাকিরার “ফিডিং-ইন্ডিয়া” কনসার্ট (Feeding India Concert) বাতিল হয়ে যায়। এতে অবশ্য খুশিও হচ্ছেন অনেকে।
ভারতকে ছোট করে উপস্থাপন?
এই কনসার্টের অর্থের কিছু একটা অংশ হয়ত দরিদ্র, অভুক্ত মানুষের কাছে যেত। কিন্তু অনেকের মতেই শাকিরার ভারত ট্যুরে কনসার্টের নাম “ফিডিং-ইন্ডিয়া” (Feeding India Concert) বিশ্বমঞ্চে ভারতের মর্যাদাহানিকর। পাশ্চাত্যের দেশগুলোর কাছে ভারত সবে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। সেখানে শাকিরার কনসার্টের এমন একটা নাম ভারতের সম্পূর্ণ প্রতিচ্ছবি তুলে ধরেছে বলে মনে করছেন অনেকে।
‘ইমেজ ক্লিনিং’?
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি এই অনলাইন ফুড ডেলিভারি সংস্থাই চরম বিতর্কের মুখে পড়ে। তাদের ১০ মিনিটে খাবার, সামগ্রী ডেলিভারির তাড়ায় বেশ কয়েকজন রাইডারের মৃত্যু পর্যন্ত ঘটেছে। প্রতিদিন ডেলিভারি করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন অনেক ডেলিভারি বয়। সেই নিয়ে সংসদে পর্যন্ত প্রশ্ন তুলেছিলেন আম আদমি পার্টি সাংসদ রাঘব চাড্ডা।
ফুড ডেলিভারি সংস্থার তরফে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করলেও ডেলিভারি বয় থেকে সাধারণ মানুষ কাজের নামে শোষণের কথা মেনে নিয়েছিলেন। সেই গেরো থেকে নিজেদের ‘ইমেজ ক্লিনিং’-এর জন্যই কি ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শাকিরার কনসার্ট ‘ফিডিং-ইন্ডিয়া’-র (Feeding India Concert) সঙ্গে কোল্যাব করেছিল সেই ফুড ডেলিভারি সংস্থা? উঠছে প্রশ্ন।


