স্নেহা পাল, দিল্লি : সোমবার দিল্লির বঙ্গভবনের বাইরে নিরাপত্তা মোতায়েন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘হেনস্থা’ ও ‘অত্যাচার’-এর অভিযোগ করেছিলেন। এবার সেই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে পাল্টা জবাব দিলেন দিল্লি পুলিশ (Delhi police)।
দিল্লি পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, বঙ্গভবনের ভিতরে কোনও পুলিশকর্মী প্রবেশ করেননি এবং সেখানে থাকা কাউকে ঢোকা বা বেরোনোর ক্ষেত্রেও কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
জেড প্লাস নিরাপত্তার জন্যই মোতায়েন পুলিশ
বিশেষ কমিশনার (পারসেপশন ম্যানেজমেন্ট ও মিডিয়া সেল) দেবেশ চন্দ্র শ্রীবাস্তব সাংবাদিক সম্মেলনে বলেন, “বঙ্গভবনের বাইরে যে নিরাপত্তা মোতায়েন ছিল, তা সম্পূর্ণভাবে নিরাপত্তাজনিত ব্যবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে জেড প্লাস নিরাপত্তা পান, সেই অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হয়েছে।”
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের তরফে আগেই মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের তথ্য দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী চাণক্যপুরী ও হেইলি রোড এলাকায় অবস্থিত বঙ্গভবন এবং আশপাশে প্রয়োজনীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়।
পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, প্রায় ১৫০-২০০ জন রাজনৈতিক সমর্থক পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে এসে বিভিন্ন গেস্ট হাউস ও হোটেলে অবস্থান করছিলেন। ওইসব জায়গায় ভিভিআইপি ও শীর্ষ নেতাদের যাতায়াতের সম্ভাবনা থাকায় আগাম সতর্কতা হিসেবে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
এছাড়া সংসদের বাজেট অধিবেশন চলায় দিল্লি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। বিধিসম্মত নিয়ম মেনেই হোটেল, গেস্ট হাউস ও সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন কমিশনার।


