মুম্বই: পদ্ম-হাত কি এক হচ্ছে? সম্প্রতি মহারাষ্ট্রের অম্বরনাথ মিউনিসিপাল কাউন্সিল নির্বাচনে এই জোটের গুঞ্জনে তোলপাড় হয়েছে সমগ্র দেশ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনাকে কোণঠাসা করে ক্ষমতা দখলের জন্য এই অপ্রত্যাশিত রাজনৈতিক জোট হয়েছে বলে গুঞ্জন খবর প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্রে বিজেপির (BJP) শরিক দল শিবসেনার মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।
তবে বুধবার কংগ্রেস (Congress) নেতা শচীন সাওয়ান্ত মহারাষ্ট্রের অম্বরনাথ পৌরসভা নির্বাচনে কংগ্রেস-বিজেপি জোটের খবর উড়িয়ে দেন। এক্সে তিনি স্পষ্ট করেন, বিজেপি-কংগ্রেস জোট নয়। তবে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শিবসেনার ‘দুর্নীতির’ বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হচ্ছেন।
সাওয়ান্ত লেখেন, “দলমত নির্বিশেষে শিন্ডে সেনার দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন দলীয় কর্মীরা অম্বরনাথ উন্নয়ন ফ্রন্ট গঠন করেছেন। এতে স্বতন্ত্র প্রার্থীরাও অন্তর্ভুক্ত। অতএব, কংগ্রেস এবং বিজেপি একত্রিত হয়েছে বলে দাবি করা সংবাদ প্রতিবেদনগুলি ভুল।”
কি বললেন মুখ্যমন্ত্রী?
আম্বরনাথ পুরসভায় কংগ্রেস ও আকোটে AIMIM-এর সঙ্গে বিজেপির স্থানীয় জোট নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস (Devendra Fadanvis)। তিনি স্পষ্ট করে বলেন, “কংগ্রেস বা AIMIM-এর সঙ্গে কোনও জোটই গ্রহণযোগ্য নয়। কোনও স্থানীয় নেতা যদি নিজ উদ্যোগে এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন, তা দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
ফড়নবিস আরও জানান, এই ধরনের জোট ভেঙে দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিজেপি ইউনিটগুলিকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্যে বর্তমানে বিজেপি, অজিত পওয়ারের এনসিপি এবং একনাথ শিন্ডের শিবসেনা মিলেই মহাযুতি সরকার চালাচ্ছে।


