নয়াদিল্লি: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ নিয়ে দেশের ১২ টি রাজ্যে নাজেহাল বুথ লেভেল অফিসার (BLO) থেকে শুরু করে আমজনতা। সপ্তাহের প্রথম দিনে ফের কলকাতার সিইও দফতরের সামনে ফের বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল-পন্থী বিএলও-রা। সঙ্গে ছিল মৃত বিএলও-দের পরিবারও।
এবার SIR নোটিসের পর ভোট ব্যবস্থায় সংস্কারের আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি দিলেন প্রাক্তন নৌপ্রধান অরুণ প্রকাশ (Former Navy chief Arun Prakash)। এই নিয়ে দ্বিতীয়বার এসআইআর প্রক্রিয়ায় সংস্কার চেয়ে কমিশনকে চিঠি দিলেন বর্ষীয়ান প্রাক্তন নৌপ্রধান।
রবিবার প্রকাশ জানান, নির্বাচন কমিশন তাঁকে একটি বৈঠকে যোগ দিতে বলেছে, যেখানে দেশজুড়ে পর্যায়ক্রমে পরিচালিত ভোটার তালিকা শুদ্ধিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে নিজের পরিচয় প্রমাণ করতে হবে।
নির্বাচন কমিশনকে কি পরামর্শ দিলেন প্রাক্তন নৌপ্রধান?
১৯৭১ সালের যুদ্ধে বীর চক্র খেতাবপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন প্রধান (Former Navy chief Arun Prakash) সোমবার নির্বাচন কমিশনের জন্য আরও কিছু পরামর্শ দিয়েছেন: বুথ পর্যায়ের কর্মকর্তাদের (বিএলও) উন্নত প্রশিক্ষণ দেওয়া, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নথি আপলোড করার বিষয়ে জনগণকে জানানো এবং পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি বিবেচনা করা, যারা বাড়ির বাইরে থাকার কারণে প্রয়োজনীয় কাগজপত্র আনতে পারছেন না।
এদিন এক্সের একটি পোস্টে তিনি লেখেন, “নির্বাচন কমিশনের (Election Commission) জন্য, (খ) নাগরিকদের সাথে মতবিনিময় এবং নথি যাচাই-বাছাই করার ক্ষমতাপ্রাপ্ত পূর্ণকালীন, সম্পূর্ণ প্রশিক্ষিত তরুণদেরকে বিএলও (বুথ লেভেল অফিসার) হিসেবে নিয়োগ দিন (গ) জনসাধারণকে জানান যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নথি আপলোড করার একটি বিকল্প রয়েছে (ঘ) বাড়ি থেকে দূরে থাকা এবং নথি প্রদানে অক্ষম পরিযায়ী শ্রমিকদের কথা ভুলে যাবেন না”।


