নয়াদিল্লি: হরমুজ (Hormuz) প্রণালী খুলিয়ে ‘কূটনৈতিক মাস্টারস্ট্রোকের’ পরও ইরানের (Iran) সঙ্গে বার্তালাপ নিয়ে বিশেষ মুখ খুলল না সাউথ ব্লক! মধ্যপ্রাচ্যের যুদ্ধের ১৩ তম দিনে এই প্রথম হরমুজ প্রণালী দিয়ে একটি জাহাজ মুম্বইয়ে এসে পৌঁছেছে। ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগছির সঙ্গে এস জয়শঙ্করের (S Jaishankar) আলোচনার পর হরমুজ (Hormuz) দিয়ে ভারতের দুটি জাহাজ ‘পুষ্পক’ ও ‘পরিমল’ ভারতে আসার অনুমতি দিয়েছে ইরান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী কোনও জাহাজের উপর আক্রমণ নয়, সাফ জানিয়ে দিয়েছে ইরান (Iran) । চিন ও রাশিয়ার পর এই বিশেষ অনুমতি পেয়েছে ভারত। তবে জ্বালানি নিরাপত্তা এবং জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে কিন্তু হরমুজ প্রণালীর সম্পর্কিত সম্ভাব্য ব্যাঘাতের উদ্বেগের মধ্যে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রকের (MEA) মুখপাত্র।
ধারণা করা হচ্ছে, এর ফলে ভারতের জ্বালানি সংকট কিছুটা হলেও কমবে। যেখানে বাংলাদেশ ও পাকিস্তান জ্বালানি সংকটে কার্যত ত্রাহি ত্রাহি করছে, ভারতের কাছে ডিজেল চাইছে বাংলাদেশ এবং পাকিস্তান কার্যত লকডাউনের পথে! সেখানে ভারতের এতবড় সাফল্যের পরও কেন এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে নারাজ এস জয়শঙ্কর?
বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে আমেরিকা
প্রসঙ্গত, গত মাসে সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করার পর ভারত সহ বাংলাদেশ, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশগুলোর ওপর সেকশন ৩০১-এর অধীনে অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে এই তদন্ত শুরু করেছে আমেরিকা। শুধু তাই নয়, এই গ্রীষ্মে যদি কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ পাওয়া যায়, তাহলে যুক্তরাষ্ট্র সেই দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপ করতে পারে, বলেও জানানো হয়েছে।
ইতিমধ্যেই নিজেদের ভূখণ্ডের যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের সঙ্গে সব ধরণের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! এই বাণিজ্য বন্ধের চাপ, ইজরায়েলের সঙ্গে সখ্যতা মাথায় রেখেই কি ইরানের (Iran) সঙ্গে সম্পর্ক নিয়ে খোলাখুলি বড়াই না করে সমঝে চলছে ভারত?
ইরানে আটকে রয়েছেন হাজারও ভারতীয়
অন্যদিকে, ইরানে বর্তমানে প্রায় ৯,০০০ ভারতীয় ইরানে (Iran) রয়েছেন। এর মধ্যে ভারতীয় ছাত্র, নাবিক, ব্যবসায়ী এবং তীর্থযাত্রী রয়েছেন, বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক। মুখপাত্র আরও বলেন যে সংঘর্ষ শুরু হওয়ার পর, বেশ কয়েকজন ভারতীয়কে, বিশেষ করে শিক্ষার্থীদের, নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। “আমরা দেশে ফিরে যেতে ইচ্ছুক সকল ভারতীয়দের সহায়তা করছি। যুদ্ধের আবহে আমেরিকা, ইজরায়েল এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত রেখে খুব বুঝেশুনে পদক্ষেপ নেওয়াকেই বাঞ্ছনীয় মনে করছে সাউথ ব্লক, বলে মনে করছেন বিশ্লেষকরা।


