ভুবনেশ্বর: বোমায় উড়ে যাবে পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple)! মঙ্গলবার সমাজমাধ্যমে এই পোস্ট ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। তৎক্ষণাৎ তদন্ত অভিযানে নামে পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা। জগন্নাথ মন্দিরে ভক্ত-সমাগম কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণ করে তল্লাশি চালায় পুলিশ।
তবে পুরীর জগন্নাথ মন্দির ও সংলগ্ন এলাকায় কোনও বোমা পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, এক মহিলার অ্যাকাউন্ট থেকে ওই পোস্টটি করা হয়। পুলিশের জেরায় ওই মহিলা জানান, তাঁর সঙ্গে পোস্টটির কোনও সম্পর্ক নেই। তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে পোস্টটি করা হয়েছে।
ঘটনায় গ্রেফতার ১
সূত্রের খবর, পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) বোমা বিস্ফোরণের পাশাপাশি বিজেডির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুঁটিয়ারের উপরেও হামলার হুমকি দেওয়া হয়। মহিলার বয়ানের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সাইবার থানায় মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে পুলিশ, বলে খবর। আপাতত, পুরীর জগন্নাথ মন্দিরে নিরাপত্তা অটুট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


