নয়াদিল্লি: বাংলাদেশে বদলাচ্ছে ক্ষমতার সমীকরণ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিএনপি (BNP)। বাংলাদেশের ১৩ তম জাতীয় সংসদীয় নির্বাচনে তারেক রহমানের (Tarique Rahman) নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) বড় জয়ের পথে। শুক্রবার বেলা ৩:৪৫ মিনিট নাগাদ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা মোট ২০৯টি আসনে জয়ী হয়ে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দলীয় প্রধান তারেক রহমান দুটি আসনেই জয় লাভ করেছেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গীদের জন্য এই নির্বাচন হতাশাজনক প্রমাণিত হয়েছে। তারা এখন পর্যন্ত মাত্র ৬২টি আসন পেয়েছে। এই আবহে তারেক রহমানের সঙ্গে সরাসরি টেলিফোনালাপ সাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সমাজমাধ্যমের পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, “তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত”।
X Link: https://x.com/narendramodi/status/2022252079683928342
তিনি আরও লেখেন, “বাংলাদেশের নির্বাচনে তাঁর উল্লেখযোগ্য জয়ের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তাঁর প্রচেষ্টার প্রতি আমার শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি।গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই প্রতিবেশী দেশ হিসেবে, আমাদের দুই দেশের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।”
তারেক রহমানকে শুভেচ্ছা
এদিন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানুষের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে ভারত-বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও শক্তিশালী করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক্সে তিনি লেখেন, “বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে (Tarique Rahman) আন্তরিক অভিনন্দন জানাই”।
X Link: https://x.com/narendramodi/status/2022162883707314563
“এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে”, লেখেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।


