Aaj India Desk, ঝাড়গ্রাম: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রাক্কালে SIR (Special Intensive Revision) ইস্যুতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ঝাড়গ্রামের কেশিয়াড়ি সভা থেকে তিনি সরাসরি বিজেপিকে আক্রমণ করে অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
SIR নিয়ে সরব মুখ্যমন্ত্রী
কেশিয়াড়ির সভায় মুখ্যমন্ত্রী বলেন, “বিহারে SIR (Special Intensive Revision) এ যাদের ভোট কাটা হয়েছে, তাদের বলা হচ্ছে রেশন বন্ধ হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হবে। আমি বলছি, বাংলায় এটা হতে দেব না।” তার অভিযোগ, এই ধরনের পদক্ষেপ “রাজনৈতিক প্রতিশোধের রাজনীতি”-র অংশ। কেন্দ্রের বিরুদ্ধে তিনি বারবার যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে হস্তক্ষেপের অভিযোগও তোলেন।
ঝাড়গ্রামের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। তিনি বলেন, “কে কী খাবে, কী পরবে—তা বলার অধিকার কারও নেই। বাংলায় আমরা তা হতে দেব না।”
বিজেপিকে ‘দুইমুখো সাপ’ তকমা
শুক্রবারের সভায় তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “বিজেপি দুইমুখো সাপ, ভোটের সময় এক রকম আঘাত করে, ভোটের পর আর এক রকম।” এর আগে একটি জনসভায় অমিত শাহ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলায় সেই নিয়েও ফুঁসে ওঠেন মমতা। মুখ্যমন্ত্রী দাবি করেন, এই প্রকল্পের সম্পূর্ণ ব্যয় রাজ্যকে বহন করতে হচ্ছে, কেন্দ্র কোনও সাহায্য দিচ্ছে না।অন্যদিকে, শুক্রবার ডেবরার সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, প্রকল্প বাস্তবায়নে তৃণমূল সরকারের অব্যবস্থাপনাই দায়ী। তাঁর দাবি, কেন্দ্র ৬০ শতাংশ অর্থ দিতে চেয়েছিল এবং ইতিমধ্যেই ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
সব মিলিয়ে, SIR (Special Intensive Revision) ইস্যু ঘিরে কেন্দ্র-রাজ্য রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে নির্বাচনের আগে। একদিকে ভোটার তালিকা সংশোধন নিয়ে স্বচ্ছতার প্রশ্ন, অন্যদিকে সাধারণ মানুষের অধিকার ও সুবিধা নিয়ে আশঙ্কা এই দুইয়ের মাঝেই তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক মেরুকরণ। এখন দেখার, এই ইস্যু ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে এবং বাস্তবে সাধারণ মানুষের উদ্বেগ কতটা গুরুত্ব পায়।


