28 C
Kolkata
Sunday, April 12, 2026
spot_img

হেঁশেল, স্নানের জায়গা পেরিয়ে এবার অপারেশন থিয়েটারে ‘সাহায্যে’ ঢুকে পড়লেন ভোট-প্রার্থী!

SPECIAL FEATURE

নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে রাজনীতিক দল গুলো কে নানা ধরনের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে । কখনও হেঁশেলে ঢুকে রান্না, কখনও সাধারণ মানুষের বাড়িতে গিয়ে ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়া এসবই এখন পরিচিত রাজনৈতিক চিত্র। কিন্তু সেই সীমানা ছাড়িয়ে এবার অভিযোগ উঠল আরও গুরুতর সরাসরি হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে পড়লেন এক ভোটপ্রার্থী, তাও সাহায্য-এর নামে! এটাও কি তবে প্রচারের অংশই ?

পশ্চিমবঙ্গের ভোটের উত্তপ্ত আবহে পুরুলিয়ার রঘুনাথপুর থেকে উঠে এল এমন এক ঘটনা, যা শুধু রাজনৈতিক মহল নয়, চিকিৎসা ক্ষেত্রেও বড়সড় প্রশ্নের মুখে ফেলেছে গোটা ব্যবস্থাকে। অভিযোগ, এক তৃণমূল প্রার্থী সরাসরি হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসার কাজে অংশ নেন যা নিয়ম অনুযায়ী সম্পূর্ণভাবে নিষিদ্ধ।এই ঘটনায় কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূল প্রার্থী হাজারি বাউরি। পেশায় তিনি একজন শিক্ষক হলেও, ঘটনার সময় তাঁকে অপারেশন থিয়েটারের ভিতরে সার্জিক্যাল গ্লাভস পরে চিকিৎসকদের সঙ্গে দেখা যায়। জানা গিয়েছে, এক গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলে সেই সময় তিনি সেখানে উপস্থিত হন এবং চিকিৎসার সময় সরাসরি হস্তক্ষেপ করেন।

অপারেশন থিয়েটারে প্রবেশ কীভাবে সম্ভব?

সবচেয়ে বড় প্রশ্ন উঠছে এখানেই একজন অ-চিকিৎসক কীভাবে অপারেশন থিয়েটারের মতো সুরক্ষিত ও নিয়ন্ত্রিত জায়গায় প্রবেশ করলেন? হাসপাতাল কর্তৃপক্ষ কেন তাঁকে বাধা দিল না ?জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখার নিয়ম কি ইচ্ছাকৃত ভাবে উপেক্ষা করা হয়েছে? অপারেশন থিয়েটার এমন একটি জায়গা যেখানে শুধুমাত্র অনুমোদিত চিকিৎসক ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের প্রবেশাধিকার থাকে। সেখানে বাইরের কোনও ব্যক্তির উপস্থিতি রোগীর জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন

এই ঘটনায় হাসপাতালের ভূমিকা নিয়েও শুরু হয়েছে প্রবল সমালোচনা।অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনার পর এক চিকিৎসক-সহ মোট ৬ জন স্বাস্থ্যকর্মীকে নোটিস পাঠানো হয়েছে।বিশেষজ্ঞদের মতে, এটি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা এবং নিয়ন্ত্রণব্যবস্থার বড়সড় দুর্বলতার ইঙ্গিত।

মানবিকতা না ক্ষমতার প্রভাব?

ঘটনাটিকে ঘিরে রাজনৈতিকভাবে দুই ধরনের ব্যাখ্যা সামনে এসেছে সমালোচকদের মত:এটি নিছক মানবিক উদ্যোগ নয়, বরং ক্ষমতার অপব্যবহার। একজন রাজনৈতিক প্রার্থী তাঁর প্রভাব খাটিয়ে হাসপাতালের নিয়ম ভেঙে অপারেশন থিয়েটারে প্রবেশ করেছেন।অন্যদিকে আরেক অংশ সমালোচকের দাবি প্রার্থী মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই আহত ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় তিনি সাহায্য করতে এগিয়ে যান।

তবে চিকিৎসা বিশেষজ্ঞদের একাংশ স্পষ্ট জানিয়েছেন মানবিকতা দেখানোরও একটা সীমা আছে। চিকিৎসা প্রক্রিয়ায় প্রশিক্ষণ ছাড়া হস্তক্ষেপ বিপজ্জনক এবং আইনবিরুদ্ধ।

নির্বাচনের আগে অস্বস্তিতে শাসকদল?

২০২৬ সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই একের পর এক বিতর্ক সামনে আসছে। এই ঘটনাও সেই তালিকায় নতুন মাত্রা যোগ করেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের ঘটনা ভোটের আগে শাসকদলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে বিরোধীদের হাতে এটি বড় ইস্যু হিসেবেও উঠে আসতে পারে।

আইনি ও নৈতিক প্রশ্ন

এই ঘটনায় শুধু রাজনৈতিক নয়, আইনি প্রশ্নও উঠছে একজন অ-চিকিৎসক চিকিৎসা প্রক্রিয়ায় অংশ নিলে তা কি আইনত দণ্ডনীয়? হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত?আইন বিশেষজ্ঞদের মতে, যদি প্রমাণিত হয় যে নিয়ম ভেঙে অপারেশন থিয়েটারে প্রবেশ করা হয়েছে, তাহলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হতে পারে। রঘুনাথপুরের এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থার মতো সংবেদনশীল ক্ষেত্রে কোনও ধরনের নিয়মভঙ্গ কতটা বড় বিপদ ডেকে আনতে পারে।

এখন সবার নজর তদন্তের দিকে। সত্যিই কি এটি মানবিক উদ্যোগ ছিল, নাকি ক্ষমতার অপব্যবহার সেই উত্তরই নির্ধারণ করবে এই বিতর্কের ভবিষ্যৎ।

 

(সুরভী কুন্ডু)

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন