পৌলমী ব্যানার্জী,মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদবের (Rajpal Yadav) ভাগ্য নির্ধারণ হতে চলেছে আগামিকাল। গত কয়েক মাস ধরে চেক বাউন্স এবং প্রতারণার মামলায় জেলবন্দি এই অভিনেতার জামিনের শুনানি রয়েছে বৃহস্পতিবার। তবে এই বিপদের দিনে রাজপাল একা নন; তাঁর ম্যানেজার জানিয়েছেন, ইন্ডাস্ট্রির দুই ‘বড় ভাই’ সলমন খান এবং অজয় দেবগন তাঁকে আইনি ও আর্থিক জট কাটিয়ে মুক্ত করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
রাজপাল যাদবের (Rajpal Yadav) ব্যক্তিগত ম্যানেজার জানিয়েছেন যে, রাজপালকে জেল থেকে বের করে আনতে সলমন খান এবং অজয় দেবগন পর্দার হিরোদের মতোই এগিয়ে এসেছেন। তাঁরা নিয়মিত আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং রাজপালের পরিবারের পাশে দাঁড়িয়েছেন । অভিনেতার ভক্তরা এই খবরে বেশ আশাবাদী।
৫ কোটি টাকার একটি ব্যবসায়িক ঋণ শোধ করতে না পারা এবং ভুল হলফনামা পেশ করার দায়ে দিল্লির আদালত রাজপালকে (Rajpal Yadav) কারাদণ্ড দিয়েছিল। দীর্ঘ কয়েক বছর ধরে চলা এই মামলাটি গত কয়েক মাসে বেশ জটিল আকার ধারণ করে, যার ফলে তাঁকে গরাদের পেছনে যেতে হয়।
আগামিকালের শুনানিটি রাজপালের (Rajpal Yadav) ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনজীবীরা মনে করছেন, সলমন ও অজয়ের হস্তক্ষেপে পাওনাদারদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হলে রাজপালের জামিন পাওয়ার রাস্তা প্রশস্ত হবে ।
এখন দেখার, পর্দার এই ‘লাকি চার্ম’ বাস্তবে সলমন-অজয়ের ছোঁয়ায় নিজের স্বাধীনতা ফিরে পান কি না। আগামিকাল দুপুরের মধ্যেই আদালতের সিদ্ধান্ত স্পষ্ট হয়ে যাবে।


