পৌলমী ব্যানার্জি, মুম্বই: একসময় ব্যক্তিগত জীবনের গভীর অন্ধকারে ডুবে গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। প্রথম স্ত্রীর অকাল মৃত্যুর পর ভেঙে পড়েছিল তাঁর সংসার, থমকে গিয়েছিল জীবন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই একাকিত্ব কাটিয়ে তাঁর জীবনে নতুন আলো হয়ে আসেন বিদেশি সুন্দরী রাধা।
রাজপালের (Rajpal Yadav) প্রথম স্ত্রী করুণা সন্তানের জন্ম দিতে গিয়েই মারা যান। সেই সময় তাঁদের কোল জুড়ে আসে একটি কন্যা সন্তান। স্ত্রীর মৃত্যু রাজপালকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। কাজের ফাঁকে মেয়েকে সামলানো, সংসারের দায়িত্ব—সব মিলিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেতাকে।
বছর কয়েক পর কানাডায় এক বন্ধুর মাধ্যমে রাধার সঙ্গে আলাপ হয় রাজপালের (Rajpal Yadav)। ধীরে ধীরে সেই পরিচয় বন্ধুত্বে, আর বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায়। ভাষা ও সংস্কৃতির পার্থক্য থাকলেও দু’জনের বোঝাপড়া ছিল দৃঢ়। ২০০৩ সালে তাঁরা বিয়ে করেন।
রাধা শুধু রাজপালের (Rajpal Yadav)জীবনসঙ্গী নন, তাঁর মেয়ের কাছেও মায়ের জায়গা করে নেন। পরে তাঁদের সংসারে আরও দুই কন্যা সন্তান জন্ম নেয়। বর্তমানে পরিবারকে ঘিরেই অভিনেতার সুখের জীবন।
ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে আজ রাজপাল যাদব বলিউডে যেমন নিজের জায়গা পাকা করেছেন, তেমনই পরিবারেও খুঁজে পেয়েছেন শান্তি। জীবনের ঝড়ঝাপটার পর তাঁর গল্প যেন নতুন করে শুরু হওয়া এক অধ্যায়ের নাম।


