স্নেহা পাল, মুম্বই: শাহরুখ খান ও সুহানা খানের ছবি ‘King’ এখন শুধু মুক্তির অপেক্ষায়। কিন্তু তার আগে দেশীয় ডিস্ট্রিবিউশন কার হাতে যাবে তা নিয়ে জোর শোরগোল চলছে বলিউডে।
স্বত্ব নিয়ে শুরু হাই-ভোল্টেজ দৌড়
বিদেশে যশ রাজ ফিল্মস ডিস্ট্রিবিউটর হিসেবে নিশ্চিত হওয়ার পর সিদ্ধার্থ আনন্দের পরিচালিত ‘কিং’ এর ভারতের স্বত্ব নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। ভারতের ডিস্ট্রিবিউশন রাইটসের দৌড়ে রয়েছে এ.এ. ফিল্মস, যশ রাজ ফিল্মস (ডিস্ট্রিবিউশন), জিও স্টুডিওস, PVRINOX পিকচার্স, পেন মারুধর এবং ধর্মা প্রোডাকশনস। আপাতত এগিয়ে আছে পেন মারুধর, জিও স্টুডিওস ও PVRINOX।
২০০ কোটির অগ্রিমে কাঁপছে টেবিল
ট্রেড সূত্র অনুযায়ী, প্রস্তাবিত চুক্তিতে রয়েছে প্রায় ২০০ কোটি টাকার অ্যাডভান্স এবং ৮ শতাংশ কমিশন। বর্তমান ইন্ডাস্ট্রিতে কমিশন-ভিত্তিক ডিস্ট্রিবিউশনই সাধারণ ট্রেন্ড, তাই এই অফার ব্যাপক বড় মনে হলেও অস্বাভাবিক নয়।
এর মধ্যে পেন মারুধরের সঙ্গে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বোঝাপড়া অনেক পুরনো। ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ দুটি ছবিরই ডিস্ট্রিবিউশন সামলেছে তারা। বিশেষ করে ‘ডাঙ্কি’ বনাম ‘সালার’ সংঘর্ষের সময় showcasing এর লড়াইয়ে তাদের সক্রিয় ভূমিকা ট্রেডে যথেষ্ট আলোচিত।
অন্যদিকে, দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স নেটওয়ার্কের মালিক PVRINOX তাদের Screen power কেই প্লাস পয়েন্ট হিসেবে তুলে ধরছে। জিও স্টুডিওস নিয়েও রয়েছে জল্পনা। ২০২৬ সালের থিয়েট্রিকাল স্লেট জোরালো করতে শেষ ‘বিগ রিলিজ’ হিসেবে ‘King’কেই রাখতে পারে তারা।
স্ক্রিন ভাগাভাগির অঙ্ক
রেড চিলিজ ও মারফ্লিক্স প্রযোজিত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২৪ ডিসেম্বর। তার এক সপ্তাহ আগে মুক্তি পাচ্ছে হলিউডের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডিউন: পার্ট থ্রি’। সরাসরি সংঘর্ষ না থাকলেও, স্ক্রিন ভাগাভাগি নিয়ে হালকা টানাপোড়েন হতে পারে। তাই আপাতত শক্তিশালী ডিস্ট্রিবিউশন পার্টনার বেছে নেওয়াই নির্মাতাদের প্রধান লক্ষ্য।
সব মিলিয়ে, ‘কিং’-এর দেশীয় ডিস্ট্রিবিউশন কাদের ঝুলিতে যাবে, সেই উত্তর পেতে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।


