মুম্বই: শনিবার মুম্বইয়ের নেহেরু সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত RSS-এর শতবর্ষ অনুষ্ঠানে হাজির হন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও চিত্রনাট্যকার সেলিম খান ও সুশীলা চরকির পুত্র সলমন খান (Salman Khan)। অনুষ্ঠানে তাঁকে মনোযোগ সহকারে সংঘপ্রধান মোহন ভাগবতের বক্তব্য শুনতে দেখা যায়। যা বিভিন্ন মহলে ইতিমধ্যেই জল্পনার জন্ম দিয়েছে।
সলমন খান (Salman Khan), যাকে ভক্তরা ‘ভাইজান’ বলতেই বেশি পছন্দ করে, নিজেকে ধর্মের সীমার বাইরে ‘ইনসান’ হিসেবে পরিচয় দেন। বাবা মুসলিম ও মা হিন্দু হওয়া সত্ত্বেও সলমন নিজের ধর্মনিরপেক্ষ পরিচয়কেই বেশি গুরুত্ব দেন। এর ফলে, RSS-এর অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সলমনের মুম্বইয়ের বাড়ির সামনে লরেন্স বিশ্নোই গ্যাং গুলি চালিয়েছে। ২০১৮ সালের সম্বর হরিণ শিকার কাণ্ডের পর তিনি জেল খেটেছেন এবং জামিনে রয়েছেন। সেই ঘটনায় বিশ্নই গ্যাং থেকে প্রায়শই হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে। এই সব পরিস্থিতি মিলিয়ে সলমনের আচরণ ও উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে।
মিডিয়া পর্যবেক্ষকরা বলছেন, রাজনৈতিকভাবে সংবেদনশীল এই সময়ে কোনো বলিউড তারকার RSS-এর অনুষ্ঠানে উপস্থিতি স্বাভাবিকভাবেই সমালোচনা ও আলোচনা উসকে দিয়েছে। যদিও সলমন (Salman Khan) নিজে এই নিয়ে কোনও মন্তব্য করেননি। সামাজিক মাধ্যমে তাঁর এই উপস্থিতি ভাইরাল হয়ে গেছে।
বিশ্লেষকরা আরও বলছেন, সম্ভবত নিরাপত্তা, সামাজিক সচেতনতা বা ব্যক্তিগত কারণে এই উপস্থিতি। তবে কার্যত কেন তিনি অনুষ্ঠানটি বেছে নিলেন বা কি বার্তা দিতে চেয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।


