কলকাতা: মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে এসে কণ্ঠের জাদুতে আসমুদ্রহিমাচলের মানুষের মন জয় করেছেন তিনি। যার সঙ্গে কাজ করতে জিয়াগঞ্জে পৌঁছে গিয়েছেন ব্রিটিশ ম্যাস্ট্রো এড শিরন সহ দেশের তাবড় তাবড় সঙ্গীত পরিচালক থেকে শুরু করে শিল্পীরা, আর প্লেব্যাক করবেন না বলে জানিয়েছেন সেই অরিজিৎ সিং (Arijit Singh)। সমাজমাধ্যমে পোস্ট করে একথা জানানোর পর একথা মেনে নিতে পারছে না তাঁর ভক্তকূল।
অনেকেরই আবার ধারণা, প্লেব্যাক থেকে অবসর নিলেও হয়ত নিজের অ্যালবামে কাজ চালিয়ে যাবেন অরিজিৎ। ঠিক কি কারণে এই ঘোষণা করেছেন তা এখনও স্পষ্ট নয়। তবে, দেশের অন্যতম বিখ্যাত শিল্পীর ‘অবসর’ ঘোষণায় জল্পনার পারদ চড়ছে। একাংশের ধারণা, গলাকে বিশ্রাম দেওয়ার জন্য সঙ্গীত থেকে সাময়িক বিরতি নিয়ে অন্য কোনও সৃজনশীল কাজে হাত দিতে চলেছেন অরিজিৎ সিং (Arijit Singh)। তাও আবার চিত্র পরিচালনা।
জানা গিয়েছে, অরিজিতের হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির কন্যা শোরা। লন্ডনে অভিনয় শেখা শোরাকে নিজের ছবির জন্য বেছে নিয়েছেন অরিজিৎ। তবে সেই ছবির নাম এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, স্ত্রী কোয়েলের সঙ্গে যৌথভাবে ছবির কাহিনী লিখেছেন অরিজিৎ। শুধু তাই নয়, একাধিক ভাষায় ভারতে ছবিটি মুক্তি পাবে বলেও ধারণা করা হচ্ছে।
মহাবীর জৈন ফিল্মস, আলকিদুতি ফিল্মস এবং গড ব্লেস এন্টারটেইনমেন্ট যৌথ ভাবে ছবিটির প্রযোজনা করার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রযোজক বা অরিজিৎ (Arijit Singh)কোনও ঘোষণা করেনি। তাই এর সত্যতা নিয়েও ধন্ধে অরিজিৎ-ভক্তরা।
এর আগেও ছবি বানিয়েছেন অরিজিৎ
প্রসঙ্গত, সঙ্গীতের পাশাপাশি চিত্র পরিচালনার জগতে আগেই পা রেখেছেন অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর পরিচালিত ছবি ‘সা’ আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে। ভারতে এখনও মুক্তি না পেলেও এই ছবির দ্বিতীয় ভাগের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও হিন্দিতে ‘ভয়’ নামে একটি ছবির পরিচালনা করেছেন অরিজিৎ সিং।


