23.2 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

গুপী-বাঘার ভূতের সুরে ‘ভূত বাংলা’? অক্ষয় কুমারের ছবির গান ঘিরে তুমুল বিতর্ক

Aaj India Desk, মুম্বই: বাংলা সিনেমার ইতিহাসে ভূতের নাচ মানেই এক বিশেষ স্মৃতি। সেই স্মৃতির কেন্দ্রবিন্দুতে রয়েছে সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘গুপী গাইন বাঘা বাইন’। সেই ছবির ‘আহা ভূত, বাহা ভূত’ গানের ছায়া এবার দেখা গেল বলিউডের নতুন ছবি ‘ভূত বাংলা’র একটি গানে। মুক্তির পর থেকেই গানটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে।

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) আসন্ন হরর কমেডি ছবি ‘ভূত বাংলা’র গান ‘রামজি আকে ভলা’ সম্প্রতি প্রকাশ্যে আসে। গানটির বিভিন্ন অংশে শোনা যায় ‘কালা ভূত গোরা ভূত’, ‘নার ভূত মাদা ভূত’, ‘ভাই ভূত বহেনা ভূত’ ইত্যাদি শব্দবন্ধ। অনেক দর্শকের মতে, এই গীতরীতির গঠন ও ছন্দ সরাসরি মনে করিয়ে দেয় গুপী-বাঘার ভূতের রাজ্যের সেই বিখ্যাত গানের ধাঁচ। কিছু শ্রোতা সমাজ মাধ্যমে কটাক্ষ করেন, “ভূতেরাও হয়ত রিমেক পছন্দ করে!”

গানটির সুর ও বিন্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশের চলচ্চিত্রপ্রেমী। তাঁদের অভিযোগ, মূল সৃষ্টির কাব্যিকতা, সরলতা ও ব্যঙ্গাত্মক মাধুর্য বজায় না রেখে সেটিকে বাণিজ্যিক আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে গানের দৃশ্যায়নে অক্ষয় কুমারের (Akshay Kumar) নাচের কোরিওগ্রাফি ও ভিজ্যুয়াল উপস্থাপনা নিয়ে সমালোচনা হয়েছে। কিছু দর্শক মন্তব্য করেছেন, গানের আবহের সঙ্গে চিত্রায়নের কোনো সামঞ্জস্য নেই।

সমাজ মাধ্যমের বিতর্কের জেরে সুরকার প্রীতম নিজের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, গানটি তিনি শ্রদ্ধা জানিয়েই তৈরি করেছেন। অন্যদিকে যদি শ্রদ্ধা জানানোই উদ্দেশ্য হয়, তা হলে মূল সৃষ্টির নান্দনিক মূল্যবোধ রক্ষা করা হলো না কেনো, তা নিয়েও প্রশ্ন করছেন নেটিজেনদের একাংশ।

ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। এর আগে তিনি ও অক্ষয় কুমার (Akshay Kumar) একসঙ্গে কাজ করেছেন ভুল ভুলাইয়া এবং ভাগম ভাগ এর মতো জনপ্রিয় কমেডি ছবিতে। ফলে ‘ভূত বাংলা’ নিয়েও দর্শকদের প্রত্যাশা ছিল যে এটি একটি বিনোদনমূলক হরর-কমেডি সিনেমা হতে চলেছে।

চলচ্চিত্র মহলের একাংশের মতে, ভারতীয় সিনেমায় ক্লাসিক কাজ থেকে অনুপ্রেরণা নেওয়া নতুন বিষয় নয়। তবে সেই অনুপ্রেরণা ও মৌলিকতার সীমারেখা কোথায় টানা হবে, তা নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষত সত্যজিৎ রায়ের তৈরি বাংলা সিনেমার এমন ঐতিহ্যবাহী একটি গানের সঙ্গে সাদৃশ্য থাকায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘ভূত বাংলা’র। ছবির ট্রেলার ও গান ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। তবে মুক্তির আগেই গান ঘিরে এই বিতর্ক ছবির প্রচারে প্রভাব ফেলবে কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন