Aaj India Desk, মুম্বই: ভারতী সাফ জানালেন, ‘প্রতিদিন সকালে আমার কাছে মেসেজ আসে ‘দিদি, এই প্রোডাক্টটা সত্যিই কাজ করে কি?’ বা ‘আপনি কি এই কোম্পানিকে চেনেন?’ আমি সকলকে স্পষ্টভাবে বলতে চাই, আমি এদের কাউকেই চিনি না। আমার নাম ও কণ্ঠ অনুমতি ছাড়া ব্যবহার করা হচ্ছে। এটা সম্পূর্ণ জালিয়াতি।
যাঁর কাজই হাসি-ঠাট্টায় মন মাতানো, সেই ভারতী সিং(Bharti Singh) এবার চটেছেন সরাসরি। কারণটা নেহাতি কম গুরুতর নয়। ভাবুন তো, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছিলেন, হঠাৎ দেখলেন আপনার প্রিয় কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh)নিজেই আপনাকে ওষুধ বা স্লিমিং প্যাড কেনার পরামর্শ দিচ্ছেন তার নিজের কণ্ঠে! বিশ্বাস করা ছাড়া উপায় নেই, তাই না? আর ঠিক এই বিশ্বাসকে কাজে লাগিয়ে নেমেছে সাইবার জালিয়াতিরা। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে ভারতীর কণ্ঠ নকল করে চালাচ্ছে ভুয়ো বিজ্ঞাপনের ব্যবসা।
‘ গত রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে তিনি বিস্ফোরক অভিযোগ করেন। ভারতী জানালেন, কিছুদিন ধরেই ইন্টারনেটে ঘুরছে এমন ভিডিয়ো যেখানে দেখানো হচ্ছে, তিনি বিশেষ একটি ‘থিন ফুট প্যাড’ ব্যবহার করে ওজন কমিয়েছেন। কেবল দাবি করাই নয়, ভিডিয়োগুলোতে যে কণ্ঠশব্দ শোনা যাচ্ছে, তা পুরোপুরি ভারতীর মতো! কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা ওই কণ্ঠস্বর ভারতীর নয়, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এক নকল আওয়াজ বা ‘ডিপফেক অডিও’।
ভারতী সিং স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের কোনো স্লিমিং প্রোডাক্ট বা ওজন কমানোর জাদুকরী সরঞ্জামের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। স্লিমিং প্যাড বা অনুরূপ কোনো জিনিস তিনি কখনো ব্যবহার করেননি এবং কাউকেও ব্যবহার করার পরামর্শ দেননি। এই ডিজিটাল যুগে তিনি সবাইকে সতর্ক করে বলেছেন যার চোখ-কান বুজে বিশ্বাস করবেন না। বিশেষ করে যে সব বিজ্ঞাপনে অবিশ্বাস্য দাবি করা হয়, সেগুলোর সত্যতা যাচাই করাই এখন সবচেয়ে জরুরি।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) আমাদের জীবনকে সহজ করছে, কিন্তু অপরাধীদের হাতেও এটিকে নতুন মাত্রা দিয়েছে। ভারতী সিংয়ের ঘটনা আবার মনে করিয়ে দিল ইন্টারনেটে যা দেখছেন বা শুনছেন, সবই সত্য নাও হতে পারে। তাই কোনো প্রিয় তারকার ভিডিয়ো দেখে কিছু কেনার আগে একটু সতর্ক হওয়া এখন সময়ের দাবি ।


