Aaj India Desk, মুম্বই : প্লেব্যাক গান বন্ধের সিদ্ধান্ত নিয়ে আলোচনায় ছিলেন অরিজিৎ সিং। এর মধ্যেই সম্প্রতি চিকনি চামেলি’ প্রসঙ্গে “এ ধরনের গান আর গাইব না” মন্তব্য করেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছিল, তবে কি অরিজিতের পথেই হাঁটছেন তিনি ? এহেন মন্তব্যের পর জল্পনা বাড়লেও, পরে নিজেই বিষয়টি স্পষ্ট করলেন শ্রেয়া।
সম্প্রতি এক পডকাস্টে ‘চিকনি চামেলি’ প্রসঙ্গে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) বলেন, গানটি শুধুমাত্র নাচের ট্র্যাক নয়, এতে শিল্পগুণও রয়েছে। গানের চূড়ান্ত সংস্করণটি আগের খসড়ার তুলনায় সংযত ছিল বলেও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, সেই সময়ে গানের সব লাইনের গভীর অর্থ তিনি সম্পূর্ণভাবে বুঝতে পারেননি। বয়স ও অভিজ্ঞতার সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। তিনি জানান যে ‘চিকনি চামেলি’ গাওয়ার জন্য তাঁর কোনও লজ্জা নেই। গানটি তিনি পছন্দও করেন। তবে ভবিষ্যতে তিনি আর এমন গান রেকর্ড করবেন না, যেগুলিতে নারীদের প্রতি অবমাননাকর বা অতিরিক্ত ইঙ্গিতপূর্ণ লিরিক্স থাকে। পাশাপাশি তিনি জানান, চলতি মাসেই একটি গানের লিরিক্স শুনে তিনি অস্বস্তি বোধ করে সেই গানের প্রস্তাব ফিরিয়ে দেন। শিল্পীর কথায়, একটি গান জনপ্রিয় হলে তা বিভিন্ন মঞ্চে পরিবেশন করতে হয়, এমনকি শিশুদের সামনেও সেগুলি গাইতে হয়। সে ক্ষেত্রে কখনও কখনও অস্বস্তি তৈরি হয়।
এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন, তাহলে কি তিনি প্লেব্যাক থেকে সরে আসছেন? সেই উত্তর আজ নিজেই দিলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।
তিনি স্পষ্ট করেছেন, গান ছাড়ার কোনো প্রশ্নই নেই। বরং অভিজ্ঞতার সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন থেকে গান বাছাইয়ের ক্ষেত্রে তিনি বেশি সচেতন থাকবেন। পাশাপাশি শ্রেয়া জানান যে কাজের দিক থেকে তিনি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি তিনি ‘Yahin Gujar Doon’ গানে কণ্ঠ দিয়েছেন, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন অমল মল্লিক। সেই মিউজিক ভিডিওতে দেখা গেছে ফারহানা ভাটকেও। পাশাপাশি তিনি ‘The Unstoppable World Tour’এর ঘোষণাও করেছেন। যুক্তরাজ্য, আমেরিকা, ভারত ও আবুধাবিতে তাঁর শো করার পরিকল্পনা রয়েছে, যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।


