মুর্শিদাবাদ: গরমের উত্তাপের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপও পাল্লা দিয়ে বাড়ছে! বিধানসভা ভোটের এই আবহে রাজনৈতিক চাপানউতোরে নতুন অণুঘটকের কাজ করেছে তৃণমূল ফাঁস করা “হুমায়ুনের (Humayun Kabir) ১০০০ কোটির ডিল ভিডিও”। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ওই ভিডিওকে সম্পূর্ণ ভুয়ো এবং এআই দ্বারা নির্মিত বলে দাবী করেছেন আম জনতা উন্নয়ন পার্টির চিফ হুমায়ুন কবির। কার্যত একই সুর বিজেপির গলায়।
এবার নামোল্লেখ না করলেও হুমায়ুনের সুরেই সুর মেলালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের ‘এক হাজার কোটি টাকার ডিল’ হয়েছে দাবী করে একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এদিন জঙ্গিপুরের জনসভায় ভাষণ শেষে সেই “ডিল প্রসঙ্গ” টানলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।
সভা শেষের আগে তিনি (Narendra Modi) জনগণের উদ্দেশ্যে বললেন, “ভোটের আবহে বড় ষড়যন্ত্র চলছে। এআই ব্যবহার করে নানারকম ভিডিও তৈরি করে ভাইরাল করা হচ্ছে। আপনারা কোনোরকম প্ররোচনায় পা দেবেন না।” তিনি আরও বলেন, “তৃণমূল হারের গন্ধ পাচ্ছে। এইসব ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন”।
বস্তুত, সম্প্রতি সাংবাদিক বৈঠকে একটি ‘গোপন ভিডিও’ ফাঁস করেছে তৃণমূল। তাঁদের দাবী ওই ভিডিওতে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের (Humayun Kabir) সঙ্গে বিজেপির ১ হাজার কোটি টাকার ডিল হয়েছে। যার মধ্যে ৩০০ কোটি অ্যাডভান্স দেওয়া হয়েছে হুমায়ুনকে। তৃণমূলের আরও দাবী, সংখ্যালঘুদের ধর্মীয় আবেগকে ব্যবহার করে ভোটের ময়দানে ‘বাবরি’ মসজিদ নির্মাণের কাজে লেগেছেন হুমায়ুন কবির। এই ঘটনার পরপরই আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ছিন্ন করেছে আসাদউদ্দিন ওয়েইসির মিম।


