Aaj India Desk, কলকাতা: ফের মমতা ব্যানার্জি (Mamata Banerjee) এবং (Abhishek Banerjee)-র বিরুদ্ধে নির্বাচন কমিশন (ECI)-এর দোরগোড়ায় পৌঁছল বিজেপি (BJP)। তাদের অভিযোগ -দু’জনেরই নির্বাচনী প্রচারে এমন কিছু মন্তব্য রয়েছে, যা নিয়ন্ত্রণ বা সেন্সর করা জরুরি।
সূত্রের খবর, পূর্ব বর্ধমানের রায়নাতে এক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা বক্তব্য ঘিরেই মূল আপত্তি তুলেছে বিজেপি। সেখানে অভিষেক বলেন, উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বিজেপিকে ‘ঘাড় ভেঙে দেওয়া হবে’। এরপর তিনি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির প্রসঙ্গ টেনে ‘মেরুদণ্ড ভেঙে দেওয়ার’ কথাও উল্লেখ করেন।
এই মন্তব্যগুলিকে ঘিরেই বিজেপি নেতৃত্বের দাবি, এগুলি শুধু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনই নয়, বরং হিংসাকে উৎসাহিত করার সামিল। তাদের অভিযোগ, অভিষেকের বক্তব্য স্পষ্টতই উস্কানিমূলক। সেই কারণেই তাঁকে সেন্সর করার দাবি জানানো হয়েছে।
বিজেপি নেতা শিশির বাজোরিয়া মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর কাছে যে চিঠি পাঠিয়েছেন, তাতেও উল্লেখ করা হয়েছে -মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার একই ধরনের মন্তব্য করেছেন, যা নির্বাচনী বিধি ভাঙার শামিল।
এর আগেও মমতার বক্তব্য নিয়ে কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছিল বিজেপি। গত ২৫ তারিখ ময়নাগুড়ির এক প্রচারসভায় মমতা বলেন, তাঁর প্রার্থীকে নাকি গাছে বেঁধে মারধরের হুমকি দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কাজ না করতে, এবং ভোটের পরে পোস্টার দিয়ে জানাতে হবে -‘আমি বিজেপি করি না।’ এই মন্তব্যকে কেন্দ্র করেই তখনও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। যদিও সেই অভিযোগে এখনও পর্যন্ত কমিশনের পক্ষ থেকে কোনও দৃশ্যমান পদক্ষেপ করা হয়নি।
এবার নতুন করে অভিষেক ও মমতা -দু’জনকেই একসঙ্গে সেন্সর করার দাবি তুলে আরও চাপ বাড়াল বিজেপি।


