34 C
Kolkata
Monday, April 13, 2026
spot_img

বাড়িতে শেষ দর্শন, বিকেল ৪টেয় শিবাজি পার্কে বিদায় আশা ভোঁসলের

Aaj India Desk,মুম্বই: ভারতীয় সঙ্গীত জগতের এক যুগের অবসান। প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে( Asha Bhosle)-র শেষকৃত্য আজ মুম্বইয়ে সম্পন্ন হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ, সংগীতপ্রেমী থেকে শুরু করে চলচ্চিত্র জগত সর্বত্র নেমে এসেছে গভীর শোকের ছায়া।

রবিবার ১২ এপ্রিল ৯২ বছর বয়সে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবাদপ্রতিম শিল্পী। বয়সজনিত অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই তিনি চিকিৎসাধীন ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয় শোকপ্রকাশের ঢল। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বলিউডের তারকা সকলেই তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন।

হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের লোয়ার পারেলের বাসভবনে। সেখানেই সকাল থেকে শুরু হয় শেষ শ্রদ্ধা জানানোর পর্ব। সাধারণ মানুষ থেকে বিশিষ্ট ব্যক্তিত্ব সকলের জন্যই খুলে দেওয়া হয় দরজা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রিয় শিল্পীর শেষ দর্শন করেন অনুরাগীরা। অনেকের চোখেই দেখা যায় অশ্রু, কারণ তাঁদের জীবনের অজস্র স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে আশা ভোঁসলের কণ্ঠস্বর।পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর পর্যন্ত সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পান। তবে ভিড় এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্মশান প্রাঙ্গণে অতিরিক্ত ভিড় না করার আবেদনও করা হয়।সোমবার বিকেল ৪টায় মুম্বইয়ের শিবাজি পার্ক শ্মশান (Shivaji Park Crematorium)-এ তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষ বিদায় জানানো হবে। প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে শেষকৃত্য নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।প্রায় আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীত জগতে নিজের দাপট বজায় রেখেছিলেন আশা ভোঁসলে। হিন্দি, বাংলা, মারাঠি সহ একাধিক ভাষায় হাজার হাজার গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে আধুনিক, গজল, পপ প্রতিটি ধারাতেই তাঁর অনায়াস বিচরণ তাঁকে করে তুলেছিল অনন্য। তাঁর কণ্ঠে জীবন্ত হয়ে উঠেছে অসংখ্য কালজয়ী গান, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছে।শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সঙ্গীতকে তুলে ধরেছেন তিনি। পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সব কিছুর ঊর্ধ্বে, তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তাঁর সুরেলা কণ্ঠ আর বহুমুখী প্রতিভার জন্য।

আজ তাঁর শারীরিক উপস্থিতি না থাকলেও, তাঁর গান, তাঁর কণ্ঠ চিরকাল বেঁচে থাকবে সঙ্গীত প্রেমীদের হৃদয়ে। আশা ভোঁসলের প্রয়াণে এক অপূরণীয় শূন্যতা তৈরি হল ভারতীয় সঙ্গীত জগতে, যা কোনওদিন পূরণ হওয়ার নয়।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন