35 C
Kolkata
Sunday, April 12, 2026
spot_img

সুরের আকাশে গভীর শূন্যতা! চলে গেলেন আশা ভোঁসলে

মুম্বই: থেমে গেল এক অনন্ত সুরধারা। ভারতীয় সঙ্গীত জগত যেন মুহূর্তে শূন্য হয়ে গেল প্রিয় কণ্ঠ হারিয়ে। আশা ভোঁসলে (Asha Bhosle) আর নেই। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই কিংবদন্তি শিল্পী। ম্রিত্যুকালে বয়স হয়েছিল ৯২।

শনিবার সন্ধ্যায় বুকে সংক্রমণ নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশা ভোঁসলে (Asha Bhosle)। দেশবাসীকে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সেই কথা জানিয়েছিলেন তাঁর নাতনি। চিকিৎসকরা জানিয়েছিলেন, আশা জী-র অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁকে আইসিইউ তে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না।

দশকের পর দশক ধরে অসংখ্য গানে, অসংখ্য আবেগে যিনি ছুঁয়ে গিয়েছেন প্রজন্মের পর প্রজন্মকে, তাঁর বিদায়ে আজ স্তব্ধ সুরের দুনিয়া, স্তব্ধ অগণিত অনুরাগীর হৃদয়। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে তাঁর নাম এক উজ্জ্বল অধ্যায়। দশকের পর দশক ধরে অসংখ্য ভাষায়, অসংখ্য ঘরানায় নিজের অনন্য কণ্ঠের জাদু ছড়িয়ে দিয়েছেন আশা ভোঁসলে (Asha Bhosle)। কখনও প্রাণখোলা উচ্ছ্বাস, কখনও গভীর বিষাদ, কখনও বা প্রেমের মাদকতা, প্রতিটি অনুভূতিকে তিনি সুরে বেঁধেছেন অসাধারণ দক্ষতায়।

তাঁর গাওয়া গান মানেই শুধু সুর নয়, এক একটা সময়, এক একটা অনুভূতি। রেডিওর ভোর, সিনেমার পর্দা, কিংবা নিঃশব্দ একান্ত রাত, সব জায়গাতেই তাঁর কণ্ঠ হয়ে উঠেছে সঙ্গী। তাই তাঁর চলে যাওয়া শুধু এক শিল্পীর বিদায় নয়, যেন হারিয়ে যাওয়া এক যুগের।

শিল্পী হারালেও তাঁর সুর থেকে যাবে। প্রতিটি গানে, প্রতিটি স্মৃতিতে, প্রতিটি আবেগে তিনি বেঁচে থাকবেন চিরকাল। আজ সঙ্গীতজগত শোকস্তব্ধ, আর অগণিত অনুরাগীর চোখে একটাই কথা, এই বিদায় মানা যায় না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন