স্নেহা পাল, কলকাতা: ভোটার তালিকা সংশোধনের ফর্ম ৭ (SIR Form 7) জমা দেওয়াকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। শনিবার ও সোমবার কল্যাণী ও আসানসোলের মহকুমা শাসকের দফতরের সামনে বিজেপি (BJP) ও তৃণমূল কংগ্রেসের মধ্যে তীব্র সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
ফর্ম-৭ জমা নিয়ে প্রবেশে বাধা তৃণমূলের
নদিয়ার কল্যাণী মহকুমা শাসকের দফতরের বাইরে শনিবার বিজেপি (BJP) বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ফর্ম ৭ (SIR Form 7) জমা দিতে SDO অফিসে ঢুকতেও বাধা দেওয়া হয়। তৃণমূল কর্মীদের দাবি, কোনও ফাইল বা নথি নিয়ে অম্বিকা রায়কে দফতরে ঢুকতে দেওয়া হবে না। গত কয়েকদিন ধরেই এসডিও অফিস চত্বরে বিজেপি ও তৃণমূলের মধ্যে চাপানউতোর চলছিল বলে জানা গেছে।
অন্যদিকে বাঁকুড়ার পর আসানসোলেও ফর্ম ৭ (SIR Form 7) জমা ঘিরে উত্তেজনা ছড়ায়। কালো গাড়িতে করে বিপুল সংখ্যক ফর্ম ৭ নিয়ে বিজেপি কর্মীরা আসানসোল দক্ষিণের মহকুমা শাসকের দফতরে গেলে সেই গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখায় তৃণমূল। গাড়ির কাচ ভাঙচুর করা হয়। আসানসোল দক্ষিণ থানার মহকুমা শাসকের দফতরে শুনানির সময়ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার রেশ গিয়ে পড়ে আসানসোল দক্ষিণ পুলিশ পোস্ট এলাকায়।
ফর্ম ৭ জমায় বাধার অভিযোগে অবরোধ বার্নপুর রোড
আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ও রাজ্য কমিটির সদস্যরা বহু কর্মী-সমর্থককে নিয়ে বার্নপুর রোডে অবরোধে বসেন। দক্ষিণ পুলিশ পোস্ট ঘেরাও করে তারা স্লোগান দেন। অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন যে বিজেপি (BJP) কর্মীদের মারধর করা হচ্ছে এবং বিজেপির এক মহিলা কর্মী আহতও হয়েছেন।
ফর্ম ৭ (SIR Form 7) জমা দেওয়া আটকাতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে এবং নথিপত্র ছিঁড়ে আগুন লাগানো হয়েছে। লালবাগে বিজেপির আনা প্রায় ২৭ হাজার ফর্ম ৭ ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। পুলিশের সামনেই গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ বিজেপির। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, ফর্ম ৭-এর নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। সেই প্রতিবাদেই নাকি বিক্ষোভ দেখানো হয়েছে।
ঘটনাগুলি নিয়ে প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফর্ম ৭ জমা ও ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজনৈতিক উত্তেজনা আগামী দিনে আরও বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।


