কলকাতা: ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির (Lionel Messi) অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার মাঝে বিমানবন্দর থেকেই গ্রেফতার হন আয়োজন শতদ্রু দত্ত (Satadru Dutta)। ৩৭ দিন পুলিশি হেফাজতে থাকার পর সোমবার শতদ্রুকে ৫ হাজার টাকার সিকিউরিটি বন্ডের ভিত্তিতে জামিন দেয় বিধাননগর আদালত।
এর আগে জামিনের আবেদন খারিজ
মেসির (Lionel Messi) অনুষ্ঠানের বিশৃঙ্খলার পর শতদ্রু দত্তের (Satadru Dutta) বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। অশান্তি, ভাঙচুর, হিংসা ছড়ানো এবং নাশকতামূলক কার্যকলাপের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫ ও ৪৬ ধারা সহ অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়। এরপর শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ব্যাঙ্কসহ নানা লেনদেনের হিসাব খতিয়ে দেখার পর ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়।
কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ‘GOAT’ মেসির অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। ১৩ ডিসেম্বর গ্রেফতারির পর তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখা হয়। ২৮ ডিসেম্বর দীর্ঘ সওয়াল জবাবের পর শতদ্রুর জামিনের আবেদন খারিজ করে দেয় বিধাননগর আদালত। এবার ৩৭ দিনের পুলিশি হেফাজতের পর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে শতদ্রুর (Satadru Dutta)। ৫ হাজার টাকার দুটি বন্ডের ভিত্তিতে জামিন দেওয়ার পাশাপাশি রাজ্য ছেড়ে যেতে পারবেন না শতদ্রু বলে জানিয়েছে আদালত।
মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা
ফুটবলের জাদুকর ‘GOAT’ মেসির (Lionel Messi) ভারত ট্যুরের দিনক্ষণ ঘোষণার পর থেকেই তাঁকে একটিবার সচক্ষে দেখার জন্য উত্তেজনায় ফুটছিলেন বাংলার ফুটবল প্রেমীরা। কিন্তু কলকাতায় ১৩ ডিসেম্বর স্বপ্নের তারকাকে দেখতে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা এখনও অনেকেরই স্মৃতিতে বিদ্যমান। ৫ থেকে ২০ হাজার টাকার টিকিট কেটেও যুবভারতী প্রাঙ্গনে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর পরিবারের লোকজন ছাড়া কিছুই দেখতে পাননি বলে ক্ষোভ উগড়ে দেন মেসি ভক্তরা। মাইকে শতদ্রু সকলকে মেসির কাছ থেকে ক্রমাগত সরে যাওয়ার অনুরোধ করতে থাকলেও কোনও কাজ হয়নি।
মেসি মাঠ ছাড়তেই রণক্ষেত্রের চেহারা নেয় যুবভারতী স্টেডিয়াম। নিজেদের করের টাকায় তৈরি স্টেডিয়ামের চেয়ার থেকে শুরু করে ব্যানার, পোস্টার ভাঙচুর, এমনকি মাঠের কার্পেট অবধি তুলে নিয়ে যায় উন্মত্ত জনতা। পরিস্থিতি সামাল দিতে উন্মত্ত দর্শকদের উপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। এর থেকেই তাদের ক্ষোভের আগুনে ঘি পড়ে। মেসির (Lionel Messi) অনুষ্ঠানের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তুমুল শাসক-বিরোধী তরজা। আর এসবের মাঝে গ্রেফতার হন অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত।


