নয়াদিল্লি: অবশেষে এসআইআর (SIR) প্রক্রিয়ায় আমজনতার কিছুটা স্বস্তি! মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে (Madhyamik Admit Card) ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় শুনানিতে ‘গ্রহণযোগ্য নথি’ হিসেবে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট।
আদালতে তৃণমূল পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের (Madhyamik Admit Card) মধ্যেই জন্মতারিখ দেওয়া থাকে। অন্য কোনও সার্টিফিকেটের ক্ষেত্রে তা থাকে না। তাই একে এসআইআর শুনানির জন্য গ্রহণযোগ্য নথি করা হোক”। তৃণমূলের এই আবেদনেও রাজি হয়েছে বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। সর্বোচ্চ আদালতের এই নির্দেশকে ‘বড় জয়’ হিসেবে দেখছে রাজ্যের শাসকদল।
প্রসঙ্গত, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে (Madhyamik Admit Card) এসআইআরের (SIR) শুনানিতে বৈধ নথি হিসেবে ধরা হবে না বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আরও একাধিক অভিযোগ নিয়ে মামলা করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এদিন ‘তথ্যগত অসঙ্গতির’ (List of Discrepancies) কারণে বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ, শুনানি কেন্দ্রে বিএলএ-দের থাকার অনুমতির পাশাপাশি শুনানির জন্য কারও কাছ থেকে নথি গ্রহণ করা হলে তাঁর পরিবর্তে স্থানীয় কর্তৃপক্ষকে রসিদ দিতে হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।
নির্বাচন কমিশন ও বিজেপিকে অভিষেকের তোপ
এদিন সুপ্রিম কোর্টের রায়দানের পর নির্বাচন কমিশন সহ বিজেপিকে একহাত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারাসাতের সভা থেকে তোপ দেগে তিনি বলেন, “বিজেপির এসআইআর (SIR) গেম ওভার! কমিশনকে তথ্যগত অসঙ্গতির (List of Discrepancies) তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। বিএলএ-দের শুনানিকেন্দ্রে থাকার অনুমতি দেওয়া হয়েছে। বিজেপির এক কোটি নাম বাদ দেওয়ার চেষ্টা ভেস্তে গেল”। সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, “আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো”।


