স্নেহা পাল, কলকাতা: জানুয়ারির শেষ লগ্নে এসে ধীরে ধীরে বাংলা থেকে বিদায় নিচ্ছে শীত (Winter)। ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও, আগামী সপ্তাহে দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কনকনে শীতের দাপট কমে গিয়ে বসন্তের হালকা ছোঁয়া ধরা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরস্বতী পুজোয় (Saraswati Puja) কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া? আসুন জেনে নিই।
আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মঙ্গলবারের পর আরও ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর ফলে ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর (Saraswati Puja) দিন সকালের হালকা শীত থাকলেও, দিনের বেলায় আবহাওয়া থাকবে আরামদায়ক ও মনোরম। পুজোর দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝায় উষ্ণতার প্রবণতা
এই তাপমাত্রা বৃদ্ধির পিছনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় এই ঝঞ্ঝা উত্তুরে হাওয়ার দাপট কমিয়ে দিচ্ছে, যার ফলে রাজ্যজুড়ে উষ্ণতার প্রবণতা বাড়ছে। দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি অনেকটাই কমে গেলেও, উত্তরবঙ্গে এখনও ভোরের দিকে কনকনে ঠান্ডা বজায় থাকবে। শনিবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে ডুয়ার্স ও উত্তরবঙ্গের নীচের অংশে আগামী সপ্তাহে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
তবে শীতের বিদায়ের সুর শোনা গেলেও, পুরোপুরি বিদায় নিচ্ছে না কুয়াশা। আগামী কয়েকদিন ভোরের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে। তাই সকালবেলা রাস্তায় বেরোনোর সময় সাবধান থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর। এছাড়াও, ২৩ থেকে ২৯ জানুয়ারির মধ্যে হালকা ও বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যদিও খোদ কলকাতায় এই বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
সব মিলিয়ে, বিদ্যার দেবীর আরাধনায় (Saraswati Puja) এবার কনকনে শীতের বদলে উপভোগ্য, আনন্দমুখর আবহাওয়ার সাক্ষী হতে চলেছে বাংলা। হলুদ শাড়ি, পলাশের রঙ আর বসন্তের হালকা উষ্ণতায় সরস্বতী পুজো এবার আরও উৎসবমুখর হয়ে উঠবে।


