কলকাতা: রাজ্যে থাবা বসাচ্ছে মারন ভাইরাস নিপা (Nipah Virus)। বুধবার আক্রান্ত সন্দেহে বেলেঘাতা আইডি হাসপাতালে ভর্তি হলেন একজন চিকিৎসক ও নার্স। তাঁদের লালর নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্স বারাসাতের একটি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন। তাঁদের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে।
বুধবার বেলেঘাটা আইডিতে ভর্তি হওয়া চিকিৎসক ও নার্স ওই দুই আক্রান্ত নার্সের সংস্পর্শে এসেছিলেন বলে জানা যেতেই তড়িঘড়ি তাঁদের বর্ধমান থেকে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, সংক্রমিত নার্সের সংস্পর্শে আসা চিকিৎসকের বাড়ি দক্ষিণ ২৪ পরগণায়। সংক্রমিত নার্সরা আর কাদের সংস্পর্শে এসেছিলেন তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। এখনও পর্যন্ত সেই তালিকায় রয়েছেন ৪৮ জন বলে খবর। পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ দল গঠন করেছে স্বাস্থ্য ভবন। ঘটনার উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
গুড় খাওয়া কি নিরাপদ?
নিপা ভাইরাস সংক্রমণের খবর ছড়াতেই অনেকেই বলছেন গুড় খেলে নাকি নিপা (Nipah Virus) সংক্রমণের ঝুঁকি বাড়ে। চিকিৎসকেরা জানাচ্ছেন, নিপা ভাইরাস সংক্রমণ মূলত বাদুরের মল ও লালারস থেকে হয়। খেজুর গাছে বাদুর থাকে এবং খেজুরের রস সংগ্রহের হাঁড়ির মুখ অধিকাংশ সময়ই খোলা অবস্থায় গাছে বাধা থাকে। তাই অনেকেই মকর মকর সংক্রান্তি সত্ত্বেও খেজুর গুড় কিনতে ভয় পাচ্ছেন। যার ফলে গুড় ব্যবসায়ীরাও পড়েছেন সমস্যায়।
তবে খেজুরের রস সংগ্রহ করে তা দীর্ঘক্ষণ ফোটানো হয়। তাই রসের হাঁড়িতে যদি বাদুরের মল বা লালারস পড়েও থাকে, তাতে গুড়ে সংক্রমণের ঝুঁকি একেবারেই থাকে না বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তবে রাস্তার ধারে বিক্রি হওয়া খেজুরের রস বর্তমান পরিস্থিতিতে খাওয়া নিরাপদ নয় বলে জানাচ্ছেন তাঁরা।


