Aaj lndia Desk,কলকাতা : ভারতীয় প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ২০২৬ আইপিএল নিয়ে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন। তাঁর মতে, উইকেটকিপার -ব্যাটার সঞ্জু স্যামসনের মধ্যে অধিনায়কত্ব সামলানোর সমস্ত গুণই রয়েছে। চলতি মরশুমে ধীরগতিতে শুরু করলেও শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৩২ রানে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে চেন্নাই। এখন তাদের লক্ষ্য সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখা এবং টুর্নামেন্টে শক্ত অবস্থান তৈরি করা।
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিচন্দ্রন অশ্বিন জানান, ভবিষ্যতে এক সময় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনকে দেখা যেতে পারে। তাঁর মতে, সময় ঠিক কখন হবে বলা না গেলেও এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। অশ্বিন আরও বলেন, দলে অনেক সময় ভেতরের প্রক্রিয়ায় নানা পরিবর্তন ঘটে। তবে তিনি চান না সঞ্জু এমন কোনো পরিস্থিতিতে পড়ুক যেখানে কারও জায়গা নিয়ে প্রশ্ন ওঠে, কারণ তিনি স্যামসনের মঙ্গলই কামনা করেন।
মহেন্দ্র সিং ধোনির পর চেন্নাই সুপার কিংসের দীর্ঘমেয়াদি নেতৃত্ব নিয়ে বহুদিন ধরেই ধোঁয়াশা চলছে। একাধিক পরিবর্তনের মধ্য দিয়ে দল এখনও স্থায়ী উত্তরসূরি খুঁজে পাওয়ার চেষ্টা করছে।এর আগে রবীন্দ্র জাডেজাকে অধিনায়ক করা হলেও সেই পরিকল্পনা সফল হয়নি। পরে ২০২৪ সালে দায়িত্ব দেওয়া হয় ঋতুরাজ গায়কোয়াড়কে। কিন্তু ২০২৫ মরশুমে পরিস্থিতি আবার বদলায় মাঝপথে অধিনায়কত্বে ফিরে আসেন ধোনি। সেই বছরই প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের একেবারে নিচে শেষ করে চেন্নাই, যা দলকে বড় ধাক্কা দেয়। ২০২৬ আইপিএলে নেতৃত্বের দায়িত্বে আছেন ঋতুরাজই। তবে নতুন মৌসুম শুরুর আগেই বড় পরিবর্তন আসে স্কোয়াডে রবীন্দ্র জাডেজার জায়গায় দলে যুক্ত হন সঞ্জু স্যামসন। এই সিদ্ধান্তের পর থেকেই স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ অধিনায়কত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যেখানে স্যামসনের নামও জোরালোভাবে উঠে আসছে।
নতুন দলে ধীরে শুরু করলেও এখন দারুণ ফর্মে ফিরেছেন সঞ্জু স্যামসন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি একটি সেঞ্চুরি করেন এবং এখন পর্যন্ত পাঁচ ইনিংসে ১৮৫ রান সংগ্রহ করেছেন। তাঁর ব্যাটিং গড় ৪৬-এর ওপরে এবং স্ট্রাইক রেট প্রায় ১৭৩ যা তাঁকে এই সময়ের অন্যতম প্রভাবশালী ব্যাটার হিসেবে তুলে ধরছে। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এখনও ব্যাট হাতে প্রত্যাশিত ছন্দে ফিরতে পারেননি। পাঁচ ম্যাচে তিনি করেছেন মাত্র ৬৩ রান, গড় ১২.৬০। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে অধিনায়কত্বের চাপ কি তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলছে?দুই ক্রিকেটারের এই বিপরীত ফর্ম এখন চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবাচ্ছে। আগামী মরশুমের আগে তারা কি গায়কোয়াড়ের উপরই আস্থা রাখবে, নাকি স্যামসনের মতো ফর্মে থাকা একজন খেলোয়াড়কে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য বিবেচনা করবে সেই আলোচনাই এখন জোরদার হচ্ছে।


