Aaj India Desk, হুগলি : নির্বাচনের উত্তপ্ত আবহে এবার বিজেপি (BJP)-এর অন্দরমহলেই প্রকাশ্যে এল গোষ্ঠীদ্বন্দ্ব ও হিংসার অভিযোগ। নির্দল প্রার্থী হিসেবে ভোটে নাম লেখানোর জেরেই আরামবাগ (Arambagh) সাংগঠনিক জেলার প্রাক্তন সহ-সভাপতি হরপ্রসাদ বাগ (Haraprasad Bagh)-কে বিজেপি পার্টি অফিসে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে দলেরই একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় ৬ জনের নামে আরামবাগ থানায় খুনের চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত নেতা।
হরপ্রসাদ বাগের দাবি, ব্যক্তিগত প্রয়োজনে তিনি আরামবাগে বিজেপির মূল কার্যালয়ের কাছাকাছি গিয়েছিলেন। সেই সময় কয়েকজন বিজেপি কর্মী তাঁকে জোর করে তুলে নিয়ে পার্টি অফিসের ভিতরে আটকে মারধর করে বলে অভিযোগ। বাঁশ দিয়ে আঘাত করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে এসে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করান হরপ্রসাদ।
এবার পুরশুড়া বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন হরপ্রসাদ বাগ। তাঁর অভিযোগ, পুরশুড়ায় বিজেপি ছাড়া প্রায় সব দলই স্থানীয় মুখকে প্রার্থী করেছে। এলাকার মানুষের দাবি মেনে তিনি নির্দল প্রার্থী হয়েছেন বলেই এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে, আরামবাগ বিজেপির পৌর মণ্ডল সভাপতি সুমন তেওয়ারি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, “উনি যদি নির্দল প্রার্থী হন, তাহলে বিজেপির পার্টি অফিসে কেন গিয়েছিলেন? এসব অভিযোগ ভিত্তিহীন।” ঘটনাকে কেন্দ্র করে পুরশুড়া-আরামবাগ রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল প্রার্থী পার্থ হাজারি এই ঘটনার নিন্দা করে নির্বাচন কমিশনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “ঘটনার কথা শুনেছি। যাঁকে মারধর করা হয়েছে, তিনি বিজেপিরই প্রাক্তন পদাধিকারী। এটা ওদের নিজেদের বিষয়।”
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুরো পরিস্থিতির উপর নজর রাখছে নির্বাচন কমিশন।


