Aaj India Desk, জলপাইগুড়ি: বিধানসভা ভোটের (Assembly Election) মুখে উত্তরবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। বিজেপি (BJP)-এর শক্তি আরও বাড়তে চলেছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (KSDC) ঘোষণা করেছে, আসন্ন নির্বাচনে তারা বিজেপিকেই সমর্থন করবে। যদিও এর আগে সংগঠনটি নিজেরাও একাধিক আসনে প্রার্থী দিয়েছিল, এবার সেই অবস্থান বদলে বিজেপির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্র মিলিয়ে এবারের নির্বাচনে প্রায় ৪০ জন প্রার্থী দাঁড় করিয়েছিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। কিন্তু বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে সংগঠনের সভাপতি তপতী রায় মল্লিক জানান, নিজেদের প্রার্থীদের প্রচার আপাতত বন্ধ রাখা হচ্ছে। পরিবর্তে বিজেপি প্রার্থীদের জয়ের লক্ষ্যে মাঠে নামবেন তাঁদের কর্মী-সমর্থকেরা।
উত্তরবঙ্গের রাজনীতিতে রাজবংশী ভোটব্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সেই ভোটকে নিজেদের দিকে টানতে প্রায় সব রাজনৈতিক দলই মরিয়া। এমন পরিস্থিতিতে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের এই সিদ্ধান্ত বিজেপির জন্য বড় সুবিধা এনে দিতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তপতী রায় মল্লিক বলেন, কেএলও চেয়ারম্যান জীবন সিংহের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শান্তি আলোচনার পরিপ্রেক্ষিতেই তাঁরা বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত শক্ত করতেই এই সমর্থন জানানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
সংগঠনের দাবি, তাঁদের মাতৃভাষার স্বীকৃতি এবং অন্যান্য দীর্ঘদিনের দাবিদাওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। সম্প্রতি জীবন সিংহের সঙ্গে বৈঠকের পরই বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রের খবর।
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি জানিয়েছিলেন, বিজেপির সংকল্পপত্র অনুযায়ী রাজবংশী ভাষা ও কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি রয়েছে। রাজনৈতিক মহলের মতে, সেই ঘোষণার পরেই উত্তরবঙ্গের এই নতুন সমীকরণ তৈরি হল।


