কলকাতা: রবিবারের মধ্যরাতে বিকট শব্দে কেঁপে উঠল গড়িয়ার নরেন্দ্রপুর থানার অন্তর্গত নবগ্রাম এলাকা। আবাসনের ভেতর থেকে উদ্ধার হয় গুলিবিদ্ধ যুবকের দেহ (Murder)। জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি। নিহত যুবকের নাম অরূপ মন্ডল (৩৭) বলে জানা গিয়েছে। তাঁর মাথায় গুলি লেগেছে বলে জানিয়েছেন নরেন্দ্রপুর থানার পুলিশ।
ইতিমধ্যেই ওই ব্যক্তির ৩ বন্ধুকে আটক করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেন ওই যুবকের উপর হামলা, কারণ খতিয়ে দেখার চেষ্টা করছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
ফের উঠছে পুরনো প্রশ্ন
এই ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে হাওড়ার গোলাবাড়ির হাড়হিম ঘটনা। যেখানে প্রকাশ্যে এক যুবককে গুলি করে হত্যা (Murder) করে দুই আততায়ী। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল সেই ভয়ংকর হত্যাকান্ডের ভিডিও। তার পরপরই পার্ক সার্কাসে খুন।
প্রশ্ন উঠেছিল, শহরে মানুষের কাছে আগ্নেয়াস্ত্র আসছে কথা থেকে? রবিবার রাতে গড়িয়ার ঘটনায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং ৬ রাউন্ড গুলি সেই প্রশ্নকেই ফের সামনে এনে দিয়েছে। কোনও ব্যক্তিগত শত্রুতা থেকে এই খুন (Murder) নাকি এর নেপথ্যে বড় কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। উদ্বেগে এলাকাবাসী।


