Aaj India Desk, মুর্শিদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বড়সড় বিপত্তির মুখে পড়ল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)-এর কনভয়। মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত বলরামপুর এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে কনভয়ের গাড়ির সংঘর্ষ হয়। ধাক্কার জোর এতটাই ছিল যে ট্রাক্টরের সামনের অংশ পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে যায়, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কনভয়ের গাড়িটিও।
যে গাড়িটির সঙ্গে দুর্ঘটনা ঘটে, তাতে মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা ছিলেন বলে সূত্রের খবর। ঘটনাটি জানাজানি হতেই দ্রুত সেখানে পৌঁছে যায় পুলিশ বাহিনী। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ট্রাক্টর চালকের সঙ্গে কথা বলে জানা হচ্ছে বিষয়টি-এটি কি যান্ত্রিক ত্রুটির ফল, নাকি চালকের গাফিলতি, তা স্পষ্ট করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন।
তবে এই ঘটনায় বড় বিপদ এড়িয়েছেন শান্তনু ঠাকুর, তাঁর কোনও শারীরিক আঘাত লাগেনি বলে জানা গেছে। কিন্তু দুর্ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে এমন দুর্ঘটনা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যা নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তর্ক-বিতর্ক।
এদিন রাজ্যে তিনটি পৃথক জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। পূর্ব বর্ধমানের কালনায় তাঁর প্রথম সভা, এরপর দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে দ্বিতীয় এবং শেষ সভা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে করার কথা।উল্লেখ্য, এর কিছুদিন আগেই প্রায় একই ধরনের দুর্ঘটনার মুখে পড়েছিল অধীর চৌধুরী (Adhir Chowdhury)-র কনভয়। কান্দি থেকে প্রচার সেরে বহরমপুরে ফেরার পথে একটি ট্রাক কনভয়ের একটি গাড়িকে ধাক্কা মারে। সেই ঘটনায় একাধিক নিরাপত্তারক্ষী আহত হন বলে জানা যায় এবং নির্বাচন কমিশন রিপোর্ট তলব করে।


