Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : ভোটের আবহে হেভিওয়েট কেন্দ্র হিসেবে প্রথম থেকেই অশান্ত ভাঙড় (Bhangar)। কিন্তু প্রথম দফার ভোটের আগেই রাজনৈতিক মিছিল লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার এই এলাকা। ঘটনায় কেউ আহত না হলেও এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।
মিছিল চলাকালীন বোমাবাজি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ভাঙড় (Bhangar) ২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার সমর্থনে একটি মিছিল বের হয়। অভিযোগ, মিছিলটি সাতুলিয়া মাদ্রাসার সামনে পৌঁছতেই তেঁতুলতলা এলাকায় একাধিক বোমা ছোঁড়া হয়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস ISF এর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। মিছিলে উপস্থিত তৃণমূল নেতা খায়রুল ইসলাম দাবি করেছেন, আইএসএফের কিছু দুষ্কৃতী ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়েছে এবং শান্তিপূর্ণ কর্মসূচি ভাঙার চেষ্টা করেছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং এলাকা তল্লাশি চালিয়ে দু’টি তাজা বোমা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ISF এর জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন, তৃণমূল নিজেরাই এই ঘটনা ঘটিয়ে তাদের দলের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে।
পৃথক অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র
এদিকে, একই রাতে উত্তর কাশীপুর থানার পুলিশ ভাঙড়ের (Bhangar) শানপুকুর এলাকার কথজলা মনিকতলা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজগার মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর বালিশের নিচ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার হয়।
এর আগের দিন, বৃহস্পতিবার রাতে উত্তর কাশীপুর থানার পুলিশ ভাঙড় ২ ব্লকের রঘুনাথপুর খালপাড় এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এই ঘটনায় হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়, যিনি স্থানীয়ভাবে আইএসএফ কর্মী হিসেবে পরিচিত।
ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা থাকলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। বোমাবাজি ও অস্ত্র উদ্ধারের ঘটনাগুলির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


